আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য যোগ্য ও গ্রহণযোগ্য প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া চললেও এখনও পর্যন্ত কোনো নির্বাচনী এলাকায় কোনো প্রার্থীকে ‘গ্রিন সিগন্যাল’ বা সবুজ সংকেত দেয়া হয়নি বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, আমরা স্পষ্ট করে বলতে চাই-বিএনপি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করছে। উপযুক্ত সময়েই দলের নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমেই যাচাই-বাছাই করে যোগ্য ও সর্বোপরি জনগণের কাছে গ্রহণযোগ্য জনপ্রিয় প্রার্থীকেই বেছে নিয়ে তাদের নাম প্রকাশ করা হবে।
তিনি জোর দিয়ে বলেন, কোনো নির্বাচনী এলাকায় কোনো প্রার্থীকে গ্রিন সিগন্যাল বা সবুজ সংকেত দেয়া হয়নি। প্রত্যাশীদের মধ্যে দলীয় নানা কার্যক্রমে যার পারফরম্যান্স ভালো তাকেই প্রার্থী হিসেবে মনোনীত করা হবে।
রিজভী অভিযোগ করেন, পতিত, পরাজিত, পলাতক ও স্বৈরাচার মুক্ত বাংলাদেশে অন্তর্বর্তী সরকার যখন জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার পথে এগিয়ে যাচ্ছে, তখন গভীর ষড়যন্ত্রের বীজ বুনতে শুরু করেছে এবং কুচক্রী মহল নানা অপতথ্য প্রচার করে। ইতোমধ্যে তারা নানা বয়ান তৈরি করে জনমনে বিভ্রান্তি সৃষ্টির জন্য একের পর এক বহুমুখী অশুভ তৎপরতা চালিয়ে যাচ্ছে।
বিএনপির এই নেতা আরও বলেন, আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, সম্প্রতি কিছু পত্র-পত্রিকা, গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় বিএনপির মনোনয়নের কথিত তালিকা, নাম-ধাম প্রকাশ করে দলের নেতা-কর্মীদের মধ্যে বিভ্রান্তি, অসন্তোষ এবং বিশৃঙ্খলা উস্কে দেয়ার ষড়যন্ত্র করছে। বিএনপিতে বিভেদ সৃষ্টির অশুভ অভিপ্রায় নিয়ে কতিপয় মিডিয়া যথেচ্ছভাবে মিথ্যা অপপ্রচার প্রোপাগান্ডায় লিপ্ত হয়েছে।
রিজভী স্পষ্ট করেন, বিএনপির মনোনয়ন দেয়া হয় তার নিজস্ব গঠনতান্ত্রিক উপায়ে। কোনো সবুজ সংকেতের মাধ্যমে নয়। জাতীয় সংসদ নির্বাচনে দলের প্রার্থী মনোনয়নের দায়িত্ব পার্লামেন্টারি বোর্ড পালন করে এবং এ ব্যাপারে বোর্ডের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হয়। তাই তফসিল ঘোষণার পরেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তথা বিএনপির কেন্দ্র থেকে ঘোষণা ব্যতীত এখন পত্রিকায় প্রকাশিত কোনো মনগড়া সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য সারাদেশের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানাচ্ছি।
তিনি জানান, সবুজ সংকেত নয়, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতিটি এলাকায় ঐক্যবদ্ধভাবে কাজ করার সুনির্দিষ্ট ও যথাযথ নির্দেশনা দিচ্ছেন। তিনি তাগিদ দিচ্ছেন, বিএনপির নেতা-কর্মীদের নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের ইস্পাত কঠিন ঐক্য ধরে রাখতে হবে, আমাদের প্রত্যেক গণসম্পৃক্ত কাজে সংশ্লিষ্ট থাকতে হবে। জনগণ বিরক্ত হয় এমন কোনো কাজে দলের নেতা-কর্মীরা কখনোই লিপ্ত থাকবে না।
রিজভী আরও বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান নেতা-কর্মীদেরকে সারাদেশে ডোর টু ডোর গিয়ে আগামী দিনে জনগণের মুক্তির সনদ ৩১ দফা তুলে ধরার পরামর্শ দিচ্ছেন। তিনি মনোনয়ন প্রত্যাশীদের ঐক্য সুদৃঢ় করার এবং আরো জনবান্ধব হওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি তারেক রহমানের বক্তব্য উদ্ধৃত করে বলেন, জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। জনগণ আমাদের সঙ্গে থাকলে কোনো প্রোপাগান্ডাই বিএনপি থেকে জনগণকে বিচ্ছিন্ন করতে পারবেনা ইনশাআল্লাহ। সারাদেশে বিএনপির সর্বস্তরের নেতাকর্মী, শুভার্থী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি তারেক রহমানের আহ্বান-‘জনগণের ভালোবাসায় থাকুন, জনগণকে ভালোবাসায় রাখুন’।