জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টার নিউইয়র্ক সফরে রাজনৈতিক দলগুলোর নেতাদের ওপর আওয়ামী লীগের হয়রানিমূলক আচরণ ও হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতারা।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান তার ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন। সফরসঙ্গীদের অনিরাপদ রেখে সরকার প্রধানের প্রস্থান লজ্জাজনক বলে মন্তব্য করেছেন তিনি। সর্বশেষ ডাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেল থেকে ভিপি প্রার্থী ছিলেন আবিদুল।
ফেসবুক পোস্টে আবিদুল বলেন, রাজনৈতিক নেতাদের সফরসঙ্গী করে তাদেরকে অনিরাপদ অবস্থায় রেখে সরকার প্রধানের এয়ারপোর্ট প্রস্থান লজ্জাজনক।
প্রসঙ্গত, জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপ করা হয়। এ সময় নেতাকর্মীদের উদ্দেশ্যে কুরুচিপূর্ণ মন্তব্য ও গালাগাল করতে দেখা যায় আওয়ামী লীগ নেতাকর্মীদের।
এদিকে এ ঘটনায় আওয়ামী লীগের প্রতি হুঁশিয়ারি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিম। হামিম সর্বশেষ ডাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেল থেকে সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী ছিলেন।
ফেসবুক পোস্টে হামিম বলেন, ‘যেখানে আওয়ামী লীগ সেখানেই মাইর আজ থেকে...no mercy।’