গাজীপুর থেকে মুন্সিগঞ্জ জেলা শ্রমিক লীগের সভাপতি আক্কাস আলীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করছে পুলিশ। শহরের উত্তর ছায়াবিথী এলাকার হাক্কানী হাউজিংয়ের আবেদ প্লাজার ৫ম তলার একটি কক্ষ থেকে সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আক্কাস আলী (৪৭) মুন্সিগঞ্জ সদরের বাগ মামুদালী এলাকার বাসিন্দা ও তিনি মুন্সিগঞ্জ জেলা শ্রমিক লীগের সভাপতি ছিলেন।
গাজীপুর সদর মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, ২০ দিন আগে আক্কাস আলী শহরের উত্তর ছায়াবিথী হাক্কানী হাউজিংয়ের আবেদ প্লাজার ৫ম তলায় গোলাম মাওলার ফ্ল্যাটে বন্ধু জাহিদ হাসান ঢালীর বাসায় বেড়াতে আসেন। তিনি মুন্সিগঞ্জ জেলায় ব্যবসা বাণিজ্য করতেন। ব্যবসায়িক লোকসানের ও ঋণের কারণে আর্থিকভাবে সংকটে পড়েন। এ নিয়ে প্রায় সময় পরিবারে লোকজনের সঙ্গে ঝগড়া বিবাদ লেগে থাকতো। তাই ধারণা করা হচ্ছে নিজের প্রতি রাগ ও অভিমানে সোমবার কোনো এক সময় সিলিং ফ্যানের সঙ্গে গলায় গামছা পেচিয়ে আত্মহত্যা করেন। পরে স্থানীয় লোকজন সদর থানায় খবর পাঠালে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ওসি।