ব্রিটিশ পপতারকা দুয় লিপা নিজের এজেন্ট ডেভিড লেভিকে বরখাস্ত করেছেন। জানা গেছে, ফিলিস্তিনবিরোধী অবস্থানের কারণে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হন এই পপস্টার। দ্য মেইলের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারি সংবাদমাধ্যম আলজাজিরা। দ্য মেইল অন সানডের এক প্রতিবেদনে জানিয়েছে, গাজার যুদ্ধে ইসরায়েলের পক্ষে অবস্থান নেওয়ার মতো একটি চিঠিতে সই করেছিলেন দুয়া লিপার এজেন্ট ডেভিড লেভি; সে জন্যই তাকে বরখাস্ত করেন সংগীতশিল্পী।
এ ছাড়া এই শিল্পীর পক্ষ থেকে একটি সূত্র জানায়, ফিলিস্তিনের প্রতি দুয়া লিপার যে সমর্থন রয়েছে, তা তার এজেন্টের অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।সেই এজেন্ট ফিলিস্তিনিদের প্রতি অমানবিক আচরণের পক্ষপাতী। আর এতে ইসরায়েলের প্রতি তার এই সমর্থন স্পষ্ট হয়েছে; ফলে এমন সিদ্ধান্ত নেন গায়িকা।
ঘটনার সূত্রপাত জুলাই মাসে গ্লাস্টনবারি ফেস্টিভ্যালের আগে। ফিলিস্তিনপন্থী আইরিশ র্যাপ ব্যান্ড ‘নিসক্যাপ’কে এক গোপন চিঠির মাধ্যমে যুক্তরাজ্যের গ্লাস্টনবুরি মিউজিক ফেস্টিভ্যাল থেকে বাদ দেওয়ার আহবান জানানো হয়। সেখানে স্বাক্ষর করে দুয়া লিপার একটি দল। পরে চিঠিটি ফেস্টিভ্যালের প্রতিষ্ঠাতা মাইকেল ইভিসের কাছে পাঠানো হলে তা ফাঁস হয়ে যায়; আর চিঠিতে সই করা সেই সংগীতশিল্পীদের বিরুদ্ধে অনেকে নিন্দা জানান।