মহাখালীতে পেট্রোল পাম্পে আগুন, দগ্ধ ৭

রাজধানীর মহাখালী আমতলীতে একটি পেট্রোল পাম্পে বিস্ফোরণে অন্তত ৭ জন দগ্ধ হয়েছেন। তাদেরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে।

আজ মঙ্গলবার বেলা ১টার দিকে "গুলশান পেট্রোল পাম্পে" এই দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন, গুলশান ক্লিন এন্ড কেয়ার নামে একটি প্রতিষ্ঠানের কর্মচারী স্বপন মোল্লা (২৪), কবির (১৮), রুবেল (২৮) ও খাইরুল (২৮)।

অন্য আরেকটি প্রতিষ্ঠানের মালিক মাসুদুর রহমান (৪৪), কর্মচারী আলমগীর হোসেন (৪০) ও সজিব (৩১)।

দগ্ধ স্বপন মোল্লা জানান, আমতলী ওই পেট্রোল পাম্পের টাংকি পরিষ্কার করার জন্য তাদেরকে সেখানে নেয়া হয়েছিল। 

টাংকির তেল সব বের করন হয়। এরপর ভিতরে নেমে পরিষ্কার করার আগে বৈদ্যুতিক ফ্যান দিয়ে ভিতরের গ্যাস বের করছিলেন। 

এক পর্যায়ে যখন বৈদ্যুতিক ফ্যান বন্ধ করতে যান তখনই ভিতরে একটি বিস্ফোরণ হয়। এতে আশপাশে থাকা ওই ৭ জনেে শরীরের বিভিন্ন জায়গা ঝলসে যায়।

সঙ্গে সঙ্গে তাদেরকে উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। তবে আগুন তখনই নিভে গেছে বলে জানান তারা।

বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকরা জানান, ৭ জনকে জরুরি বিভাগের অবজারভেশন রাখা হয়েছে। তাদের শরীরের বেশ কিছু অংশ পুড়ে গেছে। তবে কার কত শতাংশ পুড়েছে তা কিছুক্ষণ পর বলা যাবে।