খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের সিঁড়ি থেকে পড়ে গিয়ে পলাশ কুমার দাশ (৪৬) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ভোরে এ ঘটনা ঘটে।
নিহত পলাশ কুমার দাশ পাইকগাছা উপজেলার কাটিপাড়া গ্রামের পুলিনবিহারী দাশের ছেলে।
হাসপাতাল সূত্রে জানা যায়, খুমেক হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগের চতুর্থ তলার সিঁড়ি দিয়ে নামার সময় পলাশ কুমার দাশ হঠাৎ পড়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে নগরীর সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মিজানুর রহমান বলেন, সিঁড়ি থেকে পড়ে একজনের মৃত্যু হয়েছে- এমন সংবাদ শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছি।
অপরদিকে, মঙ্গলবার দুপুর ১২টার দিকে নগরীর রূপসা নদীর শিপইয়ার্ড ১নম্বর পন্টুনের পাশে ভেসে থাকা অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করা করেছে নৌপুলিশ। তবে বিকাল ৪টা পর্যন্ত তার পরিচয় সনাক্ত করা যায়নি।
রূপসা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল খায়ের জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে দুপুর ১২টার দিকে রূপসা নদীর শিপইয়ার্ড ১ নম্বর পন্টুনের পাশ থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের শরীরের কিছু অংশে পচন ধরেছে। তাছাড়া যুবকের পরনে একটি সাদা পায়জামা। তার পরিচয় সনাক্তে পিবিআই ও সিআইডির বিশেষজ্ঞ টিম কাজ করছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি উল্লেখ করেন।