রাজধানীর মহাখালী আমতলীতে একটি পেট্রোল পাম্পে বিস্ফোরণে অন্তত সাতজন দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন গুলশান ক্লিন অ্যান্ড কেয়ার নামে একটি প্রতিষ্ঠানের কর্মচারী স্বপন মোল্লা (২৪), কবির (১৮), রুবেল (২৮) ও খাইরুল (২৮)। অন্য আরেকটি প্রতিষ্ঠানের মালিক মাসুদুর রহমান (৪৪), কর্মচারী আলমগীর হোসেন (৪০) ও সজীব (৩১)। গতকাল মঙ্গলবার দুপুর ১টার দিকে মহাখালী আমতলীতে গুলশান পেট্রোল পাম্পে এই দুর্ঘটনা ঘটে। পরে তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
দগ্ধ স্বপন মোল্লা জানান, আমতলীর ওই পেট্রোল পাম্পের ট্যাংকি পরিষ্কার করার জন্য তাদের সেখানে নেওয়া হয়েছিল। ট্যাংকির তেল সব বের করা হয়। এরপর ভেতরে নেমে পরিষ্কার করার আগে বৈদ্যুতিক ফ্যান দিয়ে গ্যাস বের করছিলেন। একপর্যায়ে যখন বৈদ্যুতিক ফ্যান বন্ধ করতে যান, তখনই ভেতরে একটি বিস্ফোরণ হয়। এতে আশপাশে থাকা ওই সাতজনের শরীরের বিভিন্ন জায়গা ঝলসে যায়। সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। তবে আগুন তখনই নিভে গেছে বলে জানান তারা।
বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকরা জানান, সাতজনকে জরুরি বিভাগের অবজারভেশনে রাখা হয়েছে। তাদের প্রত্যেকের শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে। তবে, খায়রুল ও সজীবের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।