শাহবাগে মনির হত্যা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী রিমান্ডে

জুলাই আন্দোলনের সময় শাহবাগে জুট ব্যবসায়ী মো. মনির হত্যা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২৪ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদিকুর রহমান শুনানি শেষে এই আদেশ দেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মাইনুল ইসলাম খান পুলক আদালতে হাজির করে কামরুল ইসলামকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। রাষ্ট্রপক্ষে রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মুহাম্মদ শামসুদ্দোহা সুমন।

কামরুল ইসলামের আইনজীবী আফতাব আহমেদ রিমান্ড বাতিলের দাবি জানিয়ে জামিন আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তার পাঁচ দিনের রিমান্ডের আদেশ দেন।

এর আগে, গত বছরের ১৮ নভেম্বর রাতের দিকে রাজধানীর উত্তরা-১২ নম্বর সেক্টর থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারের পর কয়েক দফা রিমান্ডে থাকায় বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

মামলার অভিযোগ অনুযায়ী, জুলাই আন্দোলনের সময় গত বছরের ৫ আগস্ট শাহবাগ থানার চাঁনখারপুল এলাকায় ছাত্র-জনতার সঙ্গে আন্দোলনে অংশ নেন ক্ষুদ্র জুট ব্যবসায়ী মো. মনির। ওইদিন দুপুরে আসামিদের ছোঁড়া গুলিতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

নিহতের স্ত্রী রোজিনা আক্তার গত ১৪ মার্চ শাহবাগ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় ৩৫১ জনকে এজাহারনামীয় এবং ৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। কামরুল ইসলাম এই মামলার ৭ নম্বর এজাহারনামীয় আসামি।