উপলক্ষ দূর্গাপূজা 

বুড়িমারী স্থলবন্দর বন্ধ থাকবে ৮ দিন 

দুর্গাপূজা উপলক্ষে লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময় দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ.এস.এম নিয়াজ নাহিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিয়াজ নাহিদ জানান, ভারতের কোচবিহার রাজ্যের চ্যাংড়াবান্ধা এক্সপোটার্স অ্যাসোসিয়েশন চিঠি দিয়ে ২৭ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত জানিয়েছে। এর প্রেক্ষিতে বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনও একই সময় পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রাখার ঘোষণা দিয়েছে।

বুড়িমারী স্থল শুল্ক স্টেশন (কাস্টমস) ও স্থলবন্দর কর্তৃপক্ষও বিষয়টি নিশ্চিত করেছে।

স্থলবন্দরের ইমিগ্রেশন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম বলেন, স্থলবন্দরের ইমিগ্রেশন কার্যক্রম চালু থাকবে। ফলে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে।

বুড়িমারী স্থল শুল্ক স্টেশনের সহকারী কমিশনার (এসি) দেলোয়ার হোসেন বলেন, দুর্গাপূজার ছুটি থাকলেও কাস্টমস দপ্তর সচল থাকবে। তবে ব্যবসায়ীদের সিদ্ধান্ত অনুযায়ী ৮ দিন পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।