মুন্সীঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত, বিক্ষোভে বাসে আগুন

মুন্সীগঞ্জের ঢাকা-টঙ্গীবাড়ি সড়কে বাস চাপায় ৬ বছরের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা যাত্রীবাহি ওই বাসে আগুন দিয়েছে।

নিহত শিশুটির নাম আরবী। নিহত আরবী উপজেলার সিকদারবাড়ি মহিলা মাদরাসার নূরানী শাখার ছাত্রী ও রান্ধুনীবাড়ি এলাকার মো. আলমগীরের মেয়ে। বুধবার বেলা ১২টার দিকে টঙ্গীবাড়ি উপজেলার রান্ধুনীবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

টঙ্গীবাড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম জানান, বেতকা পরিবহনের একটি বাস ঢাকা থেকে ছেড়ে জেলার টঙ্গীবাড়ি উপজেলার বেতকা এলাকায় আসছিলো। পথে বাসটি উপজেলার রান্ধুনীবাড়ি এলাকায় আসলে মাদরাসা ছাত্রীকে চাঁপা দিলে ঘটনাস্থলেই মারা যান। নিহত আরবী মাদরাসা থেকে নিজ বাড়িতে ফিরছিল। ঘটনায় স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে যাত্রীবাহি ওই বাসে আগুন দেয়।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, বাস চাঁপায় এক শিশু নিহতের হওয়ার ঘটনায় উত্তেজিত জনতা যাত্রীবাহি বাসটিতে আগুন দেয়। বেলা ১২টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনতে তৎপরতা শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় বাসের আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা।