হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়েছে যৌথবাহিনী। এ সময় বিভিন্ন অনিয়ম-দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে ডাটা এন্ট্রি এন্ড কন্ট্রোল অপারেটর লতিফা বেগমসহ ৩ জন গ্রেফতার হয়েছেন। এদের নামে নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত । বুধবার সকাল থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পাসপোর্ট অফিস ও আশপাশের এলাকায় এ অভিযান চালানো হয়।
ভুক্তভোগীদের অভিযোগ, হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে দীর্ঘদিন যাবত টাকা ছাড়া কোন ধরনের সেবা মেলে না। মাঝেমধ্যে অফিসটিতে অভিযান চালানো হলেও ধরা পড়ে চুনোপুঁটিরা। বিষয়টি নজরে আসে সেনাবাহিনীর। এরই প্রেক্ষিতে বুধবার দিনভর অভিযান চালানো হয়।
অভিযানকালে অফিসের ডাটা এন্ট্রি এন্ড কন্ট্রোল অপারেটর লতিফা বেগম, নিরাপত্তাকর্মী উসমান গনি ও ঝাড়ুদার উমেশ পালের সাথে কতিপয় দালালদের সখ্যতা থাকায় গ্রেফতার করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইকুল ইসলাম তাদের সাজা দেয়ার বিধান না থাকায় হবিগঞ্জ সদর মডেল থানার ওসিকে নিয়মিত মামলা দায়ের করার নির্দেশ দেন।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইকুল ইসলাম বলেন, নিয়মিত মামলা দায়েরের পর তদন্তে আরো কারো নাম আসলে তাদেরও আইনের আওতায় আনা হবে। হবিগঞ্জ থানার ওসি এ কে এম শাহাবুদ্দিন শাহিন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।