চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৯ জনকে পুশইন

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চাঁনশিকারী সীমান্ত দিয়ে ১৯ জনকে পুশইন করেছে। এর মধ্যে ১০ জন পুরুষ, ৬ জন নারী ও ৩টি শিশু রয়েছে। গতকাল বুধবার ভোরে বিজিবি তাদের সীমান্ত এলাকা থেকে আটক করেছে বিএসএফ।

চাঁপাইনবাবগঞ্জের ৫৯ বিজিবি মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া জানান, ভোর ৫টার দিকে ভোলাহাটের চামুসা ও চাঁনশিকারী বিওপির মধ্যবর্তী ১১৯/৪ পিলার এলাকা দিয়ে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী বিএসএফের ১১৯ ব্যাটালিয়নের কাঞ্চান্টার ক্যাম্পের সদস্যরা ১৯ জনকে পুশইন করে। পরে বিজিবি সদস্যরা তাদের আটক করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ভোলাহাট থানায় সোপর্দ করেছে। আটকদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, যশোর, খুলনা, মাগুরা, নড়াইল, রাজবাড়ী, কুড়িগ্রাম, ময়মনসিংহ ও ঢাকা জেলায়।

বিজিবি জানায়, আটকদের জিজ্ঞাসাবাদ করে জানা গেছে, তারা ২০১৫ থেকে ২০২৪ সাল পর্যন্ত বিভিন্ন সময় কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে গিয়েছিল। সেখানে তারা ভারতীয় পুলিশের হাতে আটক হয়। পরে বিভিন্ন মেয়াদে সাজাভোগের পর তাদের বিএসএফের কাছে হস্তান্তর করা হলে বিএসএফের কাঞ্চান্টার ক্যাম্প সদস্যরা গতকাল বুধবার ভোরে পুশইন করেন।