হাতিরঝিল থেকে মাদ্রাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

রাজধানীর হাতিরঝিল পশ্চিম চৌধুরী পাড়ার একটি মাদ্রাসা থেকে তুষার তানভীর (১২) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সকাল সোয়া ৮টার দিকে পশ্চিম চৌধুরীপাড়া শেখ জনরুদ্দিন দারুল কোরআন মাদ্রাসার যষ্ঠ তলার বাথরুম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এরপর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।

তুষারের মামা ইলিয়াস হোসেন জানান, তাদের বাড়ি চাদপুরের মতলব দক্ষিণ থানার গোসাইপুর গ্রামে। তানভীরের বাবার নাম তোফাজ্জল হোসেন। বর্তমানে শাহজাহানপুর শান্তিবাগ মগা হাজীর গলিতে থাকেন পরিবারটি। তুষার পশ্চিম চৌধুরীপাড়ার শেখ জনরুদ্দিন দারুল কোরআন মাদ্রাসায় তৃতীয় শ্রেণিতে পড়ে।

হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) ফোয়াদ আহমেদ সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করেন, ওই শিক্ষার্থীকে আবাসিক মাদ্রাসার যষ্ঠ তলার বাথরুমে গ্রিলের সঙ্গে গলায় রশি  পেঁচানো ও টয়লেটের প্যানের ওপর বসা অবস্থায় পাওয়া যায়।