র্যাব ১১, নারায়ণগঞ্জ এর একটি চৌকস আভিযানিক দল দক্ষিণ কল্যাণপুর বাসস্ট্যান্ড সংলগ্ন কেয়ারী বুরুজ এপার্টমেন্টে অভিযান পরিচালনা করে ১টি দুইনলা বিদেশী বন্দুক, ৫০টি লিড কার্তুজ, ৩টি সুইচ গিয়ার এবং ১টি মোটরসাইকেল উদ্ধার করে। এই ঘটনায় মো. আজগর হোসেনকে (৩০) আটক করা হয়।
বুধবার (২৪ সেপ্টেম্বর) ভোর রাতে অস্ত্র ক্রয়-বিক্রয়ের গোপন তথ্যের ভিত্তিতে তারা এ অভিযান চালায়।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, কল্যাণপুর বাসস্ট্যান্ড সংলগ্ন কেয়ারি বুরুজ এপার্টমেন্টের ১৩ তলার দুটি ফ্ল্যাটে অবস্থান করে কিছু অসাধু ব্যক্তি অস্ত্র ক্রয়-বিক্রয় ও মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। এরই পরিপ্রেক্ষিতে র্যাব-১১, নারায়ণগঞ্জ এর একটি দল ওই এপার্টমেন্টের ১৩ তলার দুটি ফ্ল্যাটে অভিযান পরিচালনা করে। অভিযানে আটক যুবক আজগরের ভাড়া করা ফ্ল্যাটে তার ব্যবহৃত ট্রাংকের ভিতর থেকে ১টি দুইনলা বিদেশী বন্দুক, ৫০টি লিড কার্তুজ, ৩টি সুইচ গিয়ার এবং এপার্টমেন্টের গ্যারেজ থেকে ১টি মোটরসাইকেল উদ্ধার করে। ফ্ল্যাটে অবস্থান করে তারা মাদক ব্যবসা ও সেবন করে বলে এরকম অনেক প্রমাণ পাওয়া যায়।
পরবর্তীতে আজগরকে জিজ্ঞাসাবাদ এবং অন্যান্য উপস্থিত জনতার তথ্যমতে একই এপার্টমেন্টের তৌহিদ সরকার রবি (৩৫) এর ভাড়া বাসাটি তল্লাশি করে ১৩.৫ কেজি গাঁজা, নগদ ৭,৫৫,৪৮০/- টাকা, বৈদেশিক মুদ্রা ৫ রিয়াল, ১০ ডলার ও স্বর্ণালংকার উদ্ধার করা হয়।
স্থানীয় প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তৌহিদ সরকার রবি (৩৫) এবং পাপিয়া আক্তার দোলা (২৩) দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ফাঁকি দিয়ে অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের পাশাপাশি অন্যান্য অপরাধমূলক কর্মকান্ড করে আসছে। আসামিকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, তারা পরষ্পর যোগসাজসে অস্ত্র ক্রয়-বিক্রয়, মাদকদ্রব্য সংরক্ষণ ও ক্রয়-বিক্রয় করতো।
এই চক্রের অন্যান্য সদস্য মো. তৌহিদ সরকার রবি (৩৫), পাপিয়া আক্তার দোলা (২৩) এবং বাবুকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। এই ঘটনায় ডিএমপির দারুস সালাম থানায় ১টি অস্ত্র মামলা এবং ১টি মাদক মামলা রুজু করা হয়েছে।