ভারতে আটক নারী ও শিশুসহ আরো ১০ বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। বুধবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে অনুষ্ঠিত এক পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে হস্তান্তর করা হয়। পরে রাত সাড়ে ১০টার দিকে তাদেরকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়।
এরা হলেন- মো. নেয়ামত আলী (৫১), পাপিয়া বেগম (৪৬), শিলা আক্তার সরবানু (২৪), হাবিব (৯), লাবিব (৪ মাস), আব্দুল মোছা (৩৬), আফরোজা খাতুন (৩৫), রুকাইয়া খাতুন (৫), মোসাম্মত মুসলিমা খাতুন (২১), আনাবিয়া (১)। মুসলিমা খাতুন ও তার মেয়ে আনাবিয়া জন্মসূত্রে ভারতীয় নাগরিক।
বিজিবির বরাতে সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (অপারেসন্স) সুশান্ত ঘোষ জানান, গত (২৩ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে ভারতের হাকিমপুর চেক পোষ্ট অতিক্রম করার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) হাকিমপুর ক্যাম্পের একটি টহল দলের সদস্যরা তাদেরকে আটক করে।
পরবর্তীতে রবিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিএসএফ আমুদিয়া কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর বিকাশ কুমার এবং সাতক্ষীরাস্থ বিজিবি তলুইগাছা বিওপি কমান্ডার নায়েব সুবেদার আবুল কাশেম এর মধ্যস্থতায় পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে হস্তান্তর করা হয়।
পরে রাত সাড়ে ১০টার দিকে তাদেরকে সাতক্ষীরা সদর থানা পুলিশে সোপর্দ করা হয়। এ ঘটনায় নায়েব সুবেদার মো. আবুল কাশেম (৫৬) বাদী হয়ে সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
পুলিশ পরিদর্শক (অপারেসন্স) সুশান্ত ঘোষ বলেন, বৃহস্পতিবার দুপুরে হস্তান্তরকৃত বাংলাদেশি নাগরিকদের নাম-ঠিকানা যাচাই-বাছাই শেষে তাদেরকে স্বজনদের হাতে তুলে দেওয়া হয়েছে।