পাকিস্তানকে হারিয়ে ফাইনালে ফয়সালরা, এবার সাইফদের পালা

ম্যাচের চার মিনিটেই দুই গোলে এগিয়ে যাওয়া। ডাবল লিড ম্যাচের বাকি সময়টা ধরে রেখে সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। বৃহস্পতিবার কলম্বোতে পাকিস্তানকে হারাতে বাংলাদেশের হয়ে গোল দুটি করেন অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল ও অপু রহমান। কিশোর ফুটবলাররা পাকিস্তানকে হারানোর কাজটা ঠিকঠাক সেড়েছে। এবার পালা ক্রিকেটারদের। দুবাইয়ে আজ রাতে পাকিস্তানকে হারালেই এশিয়া কাপ ক্রিকেটের ফাইনাল নিশ্চিত হবে  বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের।

শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় চলমান সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে শুরু থেকেই দূর্দান্ত ফুটবল খেলছে বাংলাদেশ। গ্রুপ পর্বের দুই  ম্যাচে গোলাম রব্বানী ছোটনের শীষ্যরা নেপাল ও শ্রীলঙ্কাকে হারিয়েছে ৪-০ ব্যবধানে। বৃহস্পতিবার শুরুতেই তারা এগিয়ে যায়। বাকী সময়টায় বাংলাদেশ চেষ্টা করেছে লিড বাড়ানোর। পাকিস্তানও সামর্থ্যের পুরোটা দিয়ে চেষ্টা করেছে ম্যাচে ফেরার। তবে কোন দলই আজ পারেনি প্রতিপক্ষের গোলের দরজা খুলতে। 

ম্যাচ শুরুর তৃতীয় মিনিটেই পাকিস্তান কিপার সামির রাজ্জাকের ভুলে গোল পেয়ে যায় বাংলাদেশ। রাজ্জাক সতীর্থকে বল বাড়াতে গিয়ে তুলে দেন অপু রহমানের পায়ে। বক্সে ঢুকতেই অবশ্য বল হারান অপু। রিফাত কাজীও ঠিকঠাক শট নিতে পারেননি। বল চলে গিয়েছিল রাজ্জাকের কাছে। তবে পাকিস্তান কিপার সেটা আয়ত্বে নিতে পারেননি। তার শরীর গলে বল বের হয়ে গেলে সুযোগ সন্ধানী নাজমুল হুদা ফয়সাল ফাঁকা পোস্টে বল জমা করেন।

পরের মিনিটেই বাংলাদেশ ফের উৎসবের উপলক্ষ্য এনে দেন অপু রহমান। মোহাম্মদ আরিফ হাওয়ায় ভাসিয়ে বল বাড়ান অপুর কাছে। ডান দিক থেকে তা আয়ত্বে নিয়ে অপু দুই মার্কারকে কাটিয়ে কোনাকুনি শটে পাকিস্তান কিপার রাজ্জাককে সুযোগ না দিয়ে বল পৌঁছে দেন পোস্টে।

এখন নাজমুল হুদা ফয়সালদের থাকতে হচ্ছে অপেক্ষায়। কিছু বাদেই একই মাঠে দ্বিতীয় সেমিফাইনাল খেলতে নামবে ফেভারিট ভারত ও নেপাল। সেই ম্যাচের জয়ীদের সঙ্গে শনিবার শিরোপার লড়াইয়ে বাংলাদেশ।

বাংলাদেশী ক্রীড়া প্রেমীরা অবশ্য বড় অপেক্ষায় এশিয়া কাপে বাংলাদেশ-পাকিস্তান লড়াই নিয়ে। দুবাইয়ে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শুরু হবে দু'দলের অলিখিত ফাইনাল। যারা জিতবে, তারা রবিবার ভারতের বিপক্ষে খেলবে ফাইনাল।