টাঙ্গাইলের সখীপুরে এক নারীকে মধ্যযুগীয় কায়দায় গাছের সাথে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা বাজাইল এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বহুরিয়া ইউনিয়নের হারিঙ্গাচালা গ্রামের রোজিনার (৩০) সঙ্গে একই উপজেলার বাজাইল গ্রামের আব্বাসের ছেলে রশিদের (২২) সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। পরে নোটারি পাবলিকের মাধ্যমে বিয়ে হয় তাদের। বিয়ের পরে রশিদ তার বিভিন্ন আত্মীয়ের বাড়িতে রোজিনাকে নিয়ে বেড়াতেও যায়। কিন্তু স্ত্রীর মর্যাদা দিয়ে ঘরে তুলতে নারাজ।
বৃহস্পতিবার দুপুরে রোজিনা স্ত্রীর দাবি নিয়ে রশিদের বাড়িতে গেলে রশিদ এবং রশিদের বাবাসহ বাড়ির অন্য লোকজন মিলে মধ্যযুগীয় কায়দায় রোজিনাকে গাছের সাথে বেঁধে ব্যাপক শারীরিক নির্যাতন করে। এতে রোজিনা গুরুতর আহত হন। খবর পেয়ে রোজিনার বাড়ির লোকজন তাকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ঘটনায় রশিদ ও তার পরিবারের লোকজন পলাতক রয়েছে। সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঁইয়া বলেন, লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।