কুড়িগ্রামে ওসি প্রত্যাহার, প্রতিবাদে মানববন্ধন

কুড়িগ্রামের রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম লিংকনকে কুড়িগ্রাম পুলিশ লাইনে প্রত্যাহার করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ট্রাফিক মোড় এলাকায় রাজারহাট সর্বস্তরের মানুষের ব্যানারে মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহ্বায়ক ও প্রেস ক্লাব রাজারহাটের সভাপতি আব্দুল কুদ্দুস, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আনিছুর রহমান লিটন, রাজারহাট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, শিক্ষক সমিতির সভাপতি মকবুল হোসেন, জেলা এনসিপির সংগঠক মোজাম্মেল হক বাবু, এনসিপির রাজারহাট উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক রাশেদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজারহাট শাখার আহ্বায়ক তোফয়েল ও পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব রতন রায় প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, রাজারহাট উপজেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি ওসি নাজমুল আলমের নেতৃত্বে উন্নতি হচ্ছে। ঠিক সেই সময় তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে রাতারাতি তাকে রাজারহাট থানা থেকে প্রত্যাহার করে কুড়িগ্রাম পুলিশ লাইনে নেওয়া হয়। ফলে রাজারহাট উপজেলায় আবারও মারাত্মতভাবে আইনশৃঙ্খলা বিঘ্নিত হতে পারে বলে ধারনা করছে রাজারহাটের সচেতন মহল।

তারা আরও বলেন, ইতিমধ্যে তিনি মানবিক পুলিশ হিসেবে রাজারহাটবাসীর হৃদয় জয় করতে পেরেছেন। তাই তাকে পুনরায় রাজারহাট থানায় যোগদান করার জন্য কুড়িগ্রাম পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।