সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) নেদারল্যান্ডস দূতাবাসের সহযোগিতায় গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) অডিটোরিয়ামে ‘অন্তর্ভুক্তিমূলক রাজনীতি : নারী ও তরুণ নেতৃত্বের অভিযাত্রা’ শীর্ষক এক গোলটেবিল সংলাপের আয়োজন করে। এই সংলাপে জ্যেষ্ঠ রাজনৈতিক নেতা, শিক্ষাবিদ এবং নাগরিক সমাজের প্রতিনিধি সদস্যরা অংশ নেন। তারা বাংলাদেশের রাজনীতিতে নারী ও তরুণদের অংশগ্রহণে বিদ্যমান বাধা-বিপত্তি এবং অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র গড়ে তোলার সম্ভাব্য পথ বিষয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিজিএসের প্রেসিডেন্ট জিল্লুর রহমান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল এবং অন্তর্বর্তী সরকারের নির্বাচন সংস্কার কমিশনের চেয়ারম্যান বদিউল আলম মজুমদার।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন, বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সহ-সম্পাদক অ্যাডভোকেট ফাহিমা নাসরীন মুন্নী; বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় মহিলা বিভাগীয় আইন ও মানবাধিকারবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নি; ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহবিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা শেখ ফজলুল করিম মারুফ; আমার বাংলাদেশ (এবি) পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি; জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ; গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত চৌধুরী; জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী; গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান; বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. তানিয়া হক; বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শিহাব উদ্দিন খান; বাংলাদেশ সুপ্রিম কোর্টের ব্যারিস্টার রাশনা ইমাম; ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যকরী সদস্য হেমা চাকমা; বাংলাদেশ অ্যালায়েন্স ফর উইমেন লিডারশিপের (বিডিএডব্লিউএল) নির্বাহী পরিচালক নাসিম ফেরদৌস; এনডিএমের মহাসচিব মমিনুল আমিন।