পুঁজি সংগ্রহে ডিএসইর সহায়তা চায় সিরামিক খাত

বাজার উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে ঢাকা স্টক এক্সচেঞ্জের ডিএসইর অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে (এটিবি) তালিকাভুক্তি এবং ট্রেডিং সুবিধা গ্রহণের জন্য বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিসিএমইএ) মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ভার্চুয়ালি অনুষ্ঠিত বৈঠকে খাতসংশ্লিষ্টরা এবং ডিএসইর শীর্ষ কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

ডিএসই জানিয়েছে, বৈঠকের মূল উদ্দেশ্য হলো ডিএসই ও সিরামিক শিল্প খাতের কোম্পানিগুলোর পুঁজি বা মূলধন জোগানের মাধ্যমে পারস্পরিক সহযোগিতা জোরদার করা, পুঁজিবাজারের সুযোগগুলোকে সিরামিক শিল্প খাতের কোম্পানিগুলোর সামনে তুলে ধরা এবং কীভাবে সিরামিক শিল্পের সম্ভাবনাকে পুঁজিবাজারের মাধ্যমে আরও প্রসারিত করা যায় তা নিয়ে আলোচনা করা।

বৈঠকে ডিএসইর প্রধান পরিচালনা কর্মকর্তা ও ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আসাদুর রহমান বলেন, বাংলাদেশের শিল্পোন্নয়নের ধারায় সিরামিক শিল্প একটি দ্রুত বর্ধনশীল ও সম্ভাবনাময় খাত। দেশীয় বাজারে ক্রমবর্ধমান চাহিদা পূরণের পাশাপাশি আমাদের সিরামিক পণ্য আন্তর্জাতিক বাজারেও গুণগত মানের জন্য সুপরিচিত হয়ে উঠেছে। এই শিল্পের বিকাশ শুধু কর্মসংস্থান সৃষ্টিতেই নয় বরং বৈদেশিক মুদ্রা অর্জন ও জাতীয় অর্থনীতিকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তিনি বলেন, ডিএসই সম্প্রতি ঢাকা চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজের সঙ্গে বৈঠক করেছে। ধাপে ধাপে অন্যান্য অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠক করা হবে। ডিএসই বাজারসংশ্লিষ্ট সবার কাছ থেকে পরামর্শ গ্রহণ করে পুঁজিবাজারকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ। বৈঠকে ডিএসইর উপমহাব্যবস্থাপক সাঈদ মাহমুদ জুবায়ের তথ্যচিত্র উপস্থাপন করেন।

বিসিএমইএর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মামুনুর রশিদ বলেন, স্টক এক্সচেঞ্জে সিরামিক সেক্টরসহ অন্যান্য ভালো কোম্পানিকে তালিকাভুক্তির জন্য আইপিও প্রক্রিয়াকে স্বল্পতম সময়ে সম্পন্ন করা জরুরি। একই সঙ্গে তালিকাভুক্তির পর কমপ্লায়েন্স অধিকতর সহজ করা প্রয়োজন।

তিনি ডিএসই ও বিসিএমইএ উভয় প্রতিষ্ঠান আগামীতে পারস্পরিক সহযোগিতা বাড়িয়ে পুঁজিবাজারে সিরামিক ইন্ডাস্ট্রিজের কোম্পানিগুলোকে স্টক এক্সচেঞ্জের মূল মার্কেট, এসএমই বোর্ডে এবং অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডের (এটিবি) তালিকাভুক্তির প্রক্রিয়া ও সুবিধা নিয়ে অ্যাসোসিয়েশনসহ সিরামিক খাতের কর্ণধারদের নিয়ে একটি সেমিনার আয়োজনের বিষয়ে অনুরোধ জানান।