লা লিগার ষষ্ঠ রাউন্ডের শেষ ম্যাচে বাইরে গিয়েও জয় তুলে নিয়েছে বার্সেলোনা। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রিয়াল ওভিয়েদোর মাঠে ৩-১ গোলে জিতেছে হান্সি ফ্লিকের শিষ্যরা।
তবে ম্যাচের শুরুটা একেবারেই ভালো হয়নি কাতালানদের জন্য। প্রথমার্ধে গোলরক্ষক জোয়ান গার্সিয়ার বড় ধরনের ভুলে প্রায় মাঝমাঠ থেকে করা আলবার্তো রেইনার এক দুর্দান্ত শটে পিছিয়ে পড়ে বার্সা। গোলটি হয়ে ওঠে গ্যালারির অন্যতম আলোচনার বিষয়।
তবে বিরতির পর মাঠে নেমে নিজেদের আগ্রাসী ফুটবলকে কাজে লাগায় বার্সেলোনা। ৫৬ মিনিটে ফেরান টরেসের শট ঠেকালেও রিবাউন্ড থেকে এরিক গার্সিয়া সমতা ফেরান। এর পর থেকেই ওভিয়েদো চাপে পড়ে যায়।
৬৯ মিনিটে বদলি হিসেবে নামার পরপরই গোল করেন রবার্ট লেভানডফস্কি। রাফিনিয়ার জায়গায় নেমে অসাধারণ এক হেডে দলের এগিয়ে যাওয়ার গোলটি করেন পোলিশ তারকা। এটি ছিল বার্সেলোনার জার্সিতে লেভানডফস্কির ১০৫তম গোল। সমান সংখ্যক গোল করেছিলেন ব্রাজিলিয়ান তারকা নেইমারও।
শেষদিকে জয় নিশ্চিত করেন রোনাল্ড আরাউহো। কর্নার থেকে আসা বলে উঁচুতে উঠে হেড করে জাল খুঁজে পান এই উরুগুইয়ান ডিফেন্ডার।
বার্সার এই জয়ে দারুণ এক মাইলফলক গড়েছেন দলটির কোচ হান্সি ফ্লিক। একুশ শতকে সব প্রতিযোগিতা মিলিয়ে ক্লাবটির হয়ে দ্বিতীয় দ্রুততম ৫০ ম্যাচ জেতা কোচ এখন ফ্লিক। জয়ের ‘ফিফটি’ পূরণ করতে ফ্লিকের লেগেছে ৬৭ ম্যাচ। এর মধ্য দিয়ে তিনি পেছনে ফেলেছেন কিংবদন্তি পেপ গার্দিওলাকে, তাঁর লেগেছিল ৭১ ম্যাচ। ফ্লিকের ওপরে আছেন শুধু লুইস এনরিকে। বার্সায় ৬০ ম্যাচের মধ্যে ৫০টিতেই জিতেছিলেন পিএসজির বর্তমান কোচ।
এই জয়ে বার্সেলোনা লিগে অপরাজিত থাকল এবং ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছে। শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদ এখনো শতভাগ সাফল্য ধরে রেখে ১৮ পয়েন্ট নিয়ে এগিয়ে। অন্যদিকে, মাত্র ৩ পয়েন্ট পাওয়া নবাগত ওভিয়েদো ১৮তম স্থানে থেকে অবনমন অঞ্চলে রয়ে গেছে।