বেসরকারি স্কুল-কলেজের শিক্ষক ও কর্মচারীদের এমপিওভুক্তির আবেদন পদ্ধতিতে বড় পরিবর্তন আনছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। এতদিন পর্যন্ত প্রতি জোড় মাসে আবেদন করতে হতো, তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে বিজোড় মাসে আবেদন করা যাবে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্ব) মাউশির একাধিক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। তারা জানান, গত ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত এমপিও কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্ত অনুযায়ী, চলতি সেপ্টেম্বর মাসের ৩০ তারিখ পর্যন্ত শিক্ষক-কর্মচারীরা এমপিওভুক্তির জন্য আবেদন করতে পারবেন।
মাউশির এক কর্মকর্তা বলেন, স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীরা এখন থেকে বিজোড় মাসে এমপিও আবেদন করবেন। এই বিষয়ে আনুষ্ঠানিক নির্দেশনাও বৃহস্পতিবার জারি করা হবে।
নতুন এই সিদ্ধান্তের ফলে শিক্ষক-কর্মচারীদের আবেদন সময়সূচিতে সামান্য পরিবর্তন আনতে হবে, তবে প্রক্রিয়াটি আগের মতোই চলবে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগপ্রাপ্ত নতুন শিক্ষকরা যেন সময় মতো আবেদন করতে পারেন, সেজন্য সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সচেতন থাকা জরুরি।