একজন মানুষ কতটা নিচে নামলে এমন কাজ করতে পারে : সারজিস

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপের ঘটনায় যুবলীগকর্মী মিজানকে আটক করে স্থানীয় পুলিশ। 

কয়েক ঘণ্টা পর তিনি জামিনে মুক্তি পান। মিজানের মুক্তির পর যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ জ্যাকসন হাইটস ও ব্রংকসে আনন্দ মিছিল করে। 

এ সময় ফোনে তার সঙ্গে কথা বলে ধন্যবাদ জানান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঘটনাটি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এনসিপির উত্তরাঞ্চল মুখ্য সংগঠক সারজিস আলম।

শুক্রবার সকাল দশটার পর নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে সারজিস লিখেছেন, ‘আমেরিকায় বিবেকবোধ বিক্রি করে যে ব্যক্তি আখতার হোসেনকে ডিম ছুড়েছে, তার সঙ্গে পরবর্তী সময়ে শেখ হাসিনা ফোনে কথা বলেছেন এবং ধন্যবাদ জানিয়েছেন!

একজন মানুষ কতটা নিচু মানসিকতার হলে এমনটা করতে পারে? এমন মানসিকতার একজন যদি ষোল বছর ধরে একটি দেশের প্রধানমন্ত্রী থাকেন, তবে সেই দেশের প্রতিটি ব্যবস্থায় পচন ধরবে সেটাই স্বাভাবিক। যাদের নেত্রীর এই অবস্থা, তাদের মধ্যে আরও নিচু আচরণ দেখা অপ্রত্যাশিত নয়।’

তিনি আরও লিখেছেন, ‘আল্লাহর কাছে অসংখ্য শুকরিয়া যে তিনি আমাদের দেশকে এমন প্রতিহিংসাপরায়ণ, হিংসুক ও ক্ষুদ্র মানসিকতার ব্যক্তির হাত থেকে মুক্তি দিয়েছেন।’