জিম্মি করে চাচিকে ধর্ষণের অভিযোগ ভাতিজার বিরুদ্ধে

ফেনীর পরশুরামে দুই সন্তানকে হত্যার হুমকি দিয়ে প্রবাসীর স্ত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে জিহাদ নামে এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত যুবক সম্পর্কে ভুক্তভোগীর ভাসুরের ছেলে বলে জানা গেছে।  

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে ওই প্রবাসীর স্ত্রী নিজেকে অন্তঃসত্ত্বা দাবি ভাতিজা জিহাদের বিরুদ্ধে পরশুরাম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযুক্ত মো. জিহাদ (২২) উপজেলার দক্ষিণ কোলাপাড়া গ্রামের মৃত অশ্রু মজুমদারের ছেলে।

অভিযোগে জানা গেছে, দক্ষিণ কোলাপাড়ার মো.জিহাদ (২২) দুবাই প্রবাসী চাচার দুই সন্তানকে হত্যার হুমকি দিয়ে  চাচিকে জিম্মি করে একাধিকবার ধর্ষণ করে। তার স্বামী এক বছর ধরে প্রবাসে রয়েছে। অবুঝ দুই শিশু সন্তানকে নিয়ে বর্তমানে নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে  অভিযোগে উল্লেখ করা হয়। 

স্থানীয় ব্যক্তি জাফর আহমেদ বলেন, প্রবাসীর স্ত্রী এলাকার গণ্যমান্য ব্যক্তিদের কাছে অভিযোগ করলে আমরা তাকে থানায় যাওয়ার পরামর্শ দেই।

পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম বলেন, জিম্মি করে একাধিকবার ধর্ষণের অভিযোগ এনে জিহাদ নামের এক যুবকের বিরুদ্ধে তার চাচি একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।