জাতিসংঘে নেতানিয়াহুর বক্তব্যে বিশ্ব নেতাদের ওয়াকআউট

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের চতুর্থ দিন আজ শুক্রবার। এদিন প্রথম বক্তা হিসেবে ভাষণ দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তবে তিনি মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গেই কয়েকশ দেশের নেতা ও প্রতিনিধিরা হলে উপস্থিত না থেকে বাইরে চলে যান।

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, শুধু আরব ও মুসলিম দেশগুলোর নেতারাই নন, আফ্রিকা ও ইউরোপের কয়েকটি দেশের কূটনীতিকরাও এ সময় কক্ষ ত্যাগ করেন। এ সময় নেতানিয়াহুর সমর্থকরা জোরেশোরে তালি দিয়ে ওয়াকআউটের দৃশ্য আড়াল করতে চেষ্টা করেন। এ সময় নেতানিয়াহুর স্ত্রী ও নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামসও উপস্থিত ছিলেন।

এদিকে নেতানিয়াহুর এই ভাষণ গাজায় লাউডস্পিকারের মাধ্যমে সম্প্রচারের নির্দেশ দিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়।

হিব্রু ভাষার ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২ নিউজ ও হারেৎজের বরাতে টাইমস অব ইসরায়েল জানিয়েছে, পুরো গাজা উপত্যকায় লাউডস্পিকার বসিয়ে নেতানিয়াহুর বক্তব্য সরাসরি সম্প্রচারের নির্দেশ দেওয়া হয়েছে ইসরায়েলি সেনাবাহিনীকে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে গাজা সীমান্তে সামরিক যান ও ক্রেনের ওপর লাউডস্পিকার লাগাতে দেখা গেছে ইসরায়েলি সেনাদের।

এদিকে এ পরিকল্পনাকে ঝুঁকিপূর্ণ বলে উল্লেখ করেছেন ইসরায়েলের কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা। তাদের মতে, এতে সেনাদের এমন এলাকায় যেতে হবে, যেখান থেকে তারা হামাসের হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারেন।

এ ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন গাজায় হামাসের হাতে বন্দি ইসরায়েলি জিম্মিদের পরিবারের সদস্যরাও। তাদের অভিযোগ, জিম্মিদের জীবনকে ঝুঁকিতে ফেলে নেতানিয়াহু নিজের রাজনৈতিক উচ্চাভিলাষ পূরণ করছেন।