ফ্যাসিবাদ মুক্ত নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন ডুয়েট প্রাক্তন জাতীয়তাবাদী ছাত্রদল এসোসিয়েশন (ডেজা)’র নেতৃবৃন্দ। আজ শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ শেষে এ প্রত্যয় ব্যক্ত করেন তারা।
গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) প্রাক্তন ছাত্রদলের নেতা কর্মীদের সংগঠন ডেজা।
সম্প্রতি সংগঠনটির ১৫১ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এ উপলক্ষে আয়োজন করা হয় ওই কর্মসূচী। শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা কাউন্সিলের সদস্য এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক এমপি বিএনপি নির্বাহী কমিটির সদস্য ডাকসুর সাবেক এজিএস নাজিমুদ্দিন আলম, এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ এ্যাব এর আহবায়ক সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন, এ্যাবের সাবেক মহাসচিব প্রকৌশলী আলমগীর হাছিন, ডেজা’র সভাপতি প্রকৌশলী রুহুল আলম ও সাধারণ সম্পাদক প্রকৌশলী কে এম আসাদুজ্জামান চুন্নু প্রমুখ।
অনুষ্ঠানে নতুন বাংলাদেশ গড়ার পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্ন বাস্তবায়নে ডেজা’র পূর্ণাঙ্গ কমিটি এবং সকল পর্যায়ের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে কাজ করার শপথ গ্রহণ করেন।
এসময় নেতৃবৃন্দ স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান এর রুহের মাগফিরাত, বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের সুস্থতায় দোয়া ও মোনাজাত করেন।