বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এনি বলেছেন, যদি সুনাম ধরে রাখতে হয়, তবে মান্ধাতা আমলের রাজনীতি ধরে রাখলে চলবে না। সামাজিক এবং মানবিক দিকগুলোকে প্রাধান্য দিতে হবে। গতকাল শুক্রবার বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার ঢাকাস্থ শিক্ষার্থীদের সংগঠন রামগতি স্টুডেন্ট কমিউনিটি ঢাকা (আরএসসিডি) কর্তৃক আয়োজিত এক যুগ পূর্তি উৎসবে এ মন্তব্য করেন তিনি।
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, আমরা যখন থেকে রাজনীতিতে ফুলটাইম সময় দেওয়া শুরু করি, তখন থেকেই কেবল মিছিল মিটিংয়ে সীমাবদ্ধ ছিলাম না, সামাজিক এবং মানবিক নানা কাজকে প্রাধান্য দিয়েছি। রাজনীতি মানেই মিছিল মিটিং না। আমাদের সময় রাজনীতিতে তেমন ঝোঁক ছিল না। এখন এ জায়গায় অনেক প্রতিযোগিতা। বিশেষ করে গণঅভ্যুত্থানের পর থেকে বিষয়গুলো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
তিনি রামগতির শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন, রামগতির শিক্ষার্থীদের মধ্যে সবসময় প্রগতিশীলতা এবং মন মানসিকতায় উর্বরতা ছিল বলেই এত প্রতিবন্ধকতার পরেও তারা পড়াশোনায় সক্রিয় হয়েছেন। আমরা যদি দলমতের বাইরে ঐক্য ধরে রাখতে পারি, তবে রামগতিসহ পুরো লক্ষ্মীপুরের বিশৃঙ্খলা, মাদক ইত্যাদিকে দূর করেসুন্দর সমাজ গড়তে পারব।
অনুষ্ঠানে লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগরের) আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য আশরাফ উদ্দিন নিজান বলেন, আগামীর বাংলাদেশ মানবিকতা এবং গণতন্ত্রের বাংলাদেশ। আমরা সবার সাথে সুসম্পর্ক রাখছি। অনেককে ক্ষমা করে দিয়েছি। তবে যারা গুম-খুন করেছে তাদের সাথে আপোষ করব না।