উত্তর-পশ্চিম নাইজেরিয়ার জামফারা রাজ্যের একটি স্বর্ণখনিতে ভয়াবহ ধসের ঘটনায় অন্তত ১০০ শ্রমিক নিহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। বৃহস্পতিবার রাজ্যের মারু জেলার কাদাউরি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রয়টার্সের এক প্রতিবেদনে প্রত্যক্ষদর্শী ও ঘটনাস্থল থেকে বেঁচে ফেরা শ্রমিকদের বরাতে এ তথ্য জানানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ধসের সময় খনির ভেতর শত শত শ্রমিক কাজ করছিলেন। দুর্ঘটনার পর আটকা পড়া শ্রমিকদের উদ্ধারে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মী ও স্থানীয় বাসিন্দারা কাজ শুরু করে। উদ্ধারকারী দলের সদস্য সানুসি আওয়াল রয়টার্সকে বলেন, আমরা এ পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে ১৩ জনের মরদেহ উদ্ধার করতে পেরেছি। এখনও কমপক্ষে ১০০ জন চাপা পড়ে আছেন।
ঘটনাস্থল থেকে বেঁচে আসা এক শ্রমিক ইসা সানি বলেন, আমরা যারা বেঁচে আছি, তারা সত্যিই ভাগ্যবান। এখনও শতাধিক লাশ ধ্বংসস্তূপের নিচে রয়েছে। এ ঘটনায় জামফারা পুলিশের মুখপাত্র ইয়াজিদ আবুবাকার কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে জামফারা খনি শ্রমিক সংগঠনের নেতা মুহাম্মাদু ইসা জানান, ওই খনিতে শ্রমিকদের নিরাপত্তার জন্য কোনো ব্যবস্থাই ছিল না।