পপি ফিরছেন অন্য পরিচয়ে

দীর্ঘদিন আড়ালে থাকার পর কয়েকমাস এক ভিডিও বার্তার মাধ্যমে দর্শকের সামনে হাজির হন চিত্রনায়িকা সাদিকা পারভিন পপি। প্রায় এক ঘণ্টার ওই ভিডিও বার্তায় কান্না জড়িত বিয়ে, সংসার সন্তান ও জমি জমা নিয়ে মায়ের সঙ্গে ঘটে যাওয়া নানা অপ্রীতিকর ঘটনার বিবরণ দেন তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী। চলচ্চিত্রে আর ফিরবেন কিনা, তা তখন পরিস্কার করে বলেননি পপি।

 তবে এবার শোনা যাচ্ছে ফের সিনেমা জগতে ফিরছেন এই নায়িকা। তবে ক্যামেরার সামনে নয়, থাকবেন পেছনে। প্রযোজক হিসেবে নতুন যাত্রা শুরু করছেন তিনি।পপি বলেন, ‘অভিনয়ে ফিরব না, এটা পুরোপুরি নিশ্চিত। তবে পুরোনো কয়েকটি কাজ আছে, সেগুলো শেষ করব। এরপর আমি নিজের মতো করে ফিরব।’ তা কীভাবে? ‘আমি সিনেমা প্রযোজনা করব। এমনটাই সিদ্ধান্ত নিয়েছি। সিনেমা প্রযোজনা অবশ্য আমি আগেও করেছিলাম, এটা আর নতুন না। আমার কাছে মনে হয়, ভালো গল্পের ছবির সঙ্গে যুক্ত থাকতে পারলে বেশি ভালো লাগবে।’ 

পপি জানান, অভিনয়ের পাশাপাশি একটা সময়ে এসে তিনি ছবি প্রযোজনাও করেছিলেন। পপি প্রযোজিত ছবিটি পরিচালনা করেন মনোয়ার খোকন। সেই ছবির প্রযোজনা করতে সেই সময়ে ২০ লাখ লোকসান গুনেছিলেন। পপির মতে, টিমের অসহযোগিতার কারণে অর্থনৈতিক ক্ষতির মুখে পড়েছিলেন তিনি। 

জনপ্রিয় এই মডেল-অভিনেত্রী বলেন, ‘দীর্ঘ অভিনয়জীবনে অনেক ধরনের অভিজ্ঞতা হয়েছে। ফিল্মের লাইনটা আমার পুরোপুরি জানা। আশা করি, এখন প্রযোজনা করলে ভালো করব। তাই এমন সিদ্ধান্ত নেওয়া। আর অভিনয়ের শুরুর দিক থেকে প্রযোজনার দিকে আমার আগ্রহটা ছিল বেশি। ‘‘কিডন্যাপ” ছাড়া “জীবন মানেই যুদ্ধ”সহ আরও দুটি ছবির প্রযোজনা করেছি। তাই সিনেমায় ফিরব যখন, প্রযোজক হয়েই ফেরার ইচ্ছা।’