ময়মনসিংহে 

নামাজ শেষে ফিরে দেখেন ব্যাগ নেই, ৩০ ঘণ্টা পর উদ্ধার

ময়মনসিংহ রেলওয়ে স্টেশন থেকে এক যাত্রীর স্বর্ণালংকার, জমির মূল দলিলপত্র ও নগদ অর্থসহ ব্যাগ চুরির ঘটনার মাত্র ৩০ ঘণ্টার মধ্যেই ব্যাগটি উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৪। একই সঙ্গে চুরির সঙ্গে জড়িত দুজন পেশাদার চোরকে গ্রেপ্তার করা হয়েছে।

র‌্যাব-১৪ থেকে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভুক্তভোগী আতিকুর রহমান (৪৭), নেত্রকোনার কলমাকান্দার বাসিন্দা। তিনি ২৫ সেপ্টেম্বর ঢাকা বিমানবন্দর রেলস্টেশন থেকে পরিবারসহ নেত্রকোনাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে ওঠেন। দুপুর ১টা ৪৫ মিনিটে ট্রেন ছাড়ার পর তিনি তার ব্যাগটি পরিবারের সিটের ওপরের বাংকারে রাখেন। ব্যাগটিতে ছিল জমির মূল দলিলপত্র, প্রায় ৮ ভরি স্বর্ণালংকার, নগদ অর্থসহ প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ কাগজপত্র। পরে বিকেল ৪টা ৩০ মিনিটে ট্রেনটি ময়মনসিংহ রেলস্টেশনে যাত্রা বিরতি করলে তিনি নামাজ পড়তে জিআরপি মসজিদে যান। নামাজ শেষে ফিরে এসে দেখতে পান, বাংকারে রাখা ব্যাগটি চুরি হয়ে গেছে।

পরে আতিকুর রহমান ময়মনসিংহ রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করেন। চুরির ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ছড়িয়ে পড়লে জনমনে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৬ সেপ্টেম্বর রাত ১১টার দিকে, র‌্যাব-১৪ এর একটি আভিযানিক দল ময়মনসিংহ নগরীর সেহড়া ডিবি রোড এলাকায় অভিযান চালিয়ে চুরির সঙ্গে জড়িত দুই পেশাদার চোরকে গ্রেপ্তার করে। তারা হলেন- বাবুল ও আবুল কালাম।

গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি অনুযায়ী, র‌্যাব চুরি যাওয়া ব্যাগটি উদ্ধার করে। উদ্ধারকৃত ব্যাগের ভেতরে পাওয়া যায়- জমির মূল দলিলপত্র, প্রায় ৭ ভরি স্বর্ণালংকার, নগদ টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‌্যাব-১৪।