কিংডম অফ সৌদি আরবের জাতীয় পতাকাবাহী এয়ারলাইন্স সাউদিয়া এয়ারলাইন্স আনুষ্ঠানিকভাবে ঢাকায় তাদের নতুন অত্যাধুনিক সিটি টিকেটিং অফিসের উদ্বোধন করেছে। ১৩০, গুলশান এভিনিউ-এর সিম্পলট্রি আটালিকার ১৬তম তলায় অবস্থিত এই নতুন অফিসটি উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত কিংডম অফ সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর এইচ. বিন আবিয়াহ।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন সাউদিয়া এয়ারলাইন্সের আন্তর্জাতিক অঞ্চলগুলির সহকারী ভাইস প্রেসিডেন্ট জনাব মুসায়েদ আলমূসায়েদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব ও পশ্চিম) ড. মো. নজরুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাষ্ট্রদূত ড. আবিয়াহ সৌদি আরব এবং বাংলাদেশ—এই দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যে গভীর ও ঐতিহাসিক সম্পর্কের ওপর আলোচনা করেন, যা অভিন্ন মূল্যবোধ ও বন্ধুত্বের মূলে প্রোথিত।
তিনি আত্মবিশ্বাস প্রকাশ করেন বলেন, এই নতুন সুবিধাটি মানুষের সঙ্গে মানুষের যোগাযোগ আরও সুদৃঢ় করবে, ভ্রমণের সুবিধা বাড়াবে এবং হজ ও ওমরাহ তীর্থযাত্রীসহ বাংলাদেশি ভ্রমণকারীদের জন্য ব্যতিক্রমী পরিষেবা প্রদান করবে।
ড. নজরুল ইসলাম বাংলাদেশের এভিয়েশন বাজারে সাউদিয়ার এই বিনিয়োগকে স্বাগত জানান। তিনি বলেন, সাউদিয়া আমাদের এভিয়েশন সেক্টরের একটি বিশ্বস্ত অংশীদার এবং এই নতুন বিনিয়োগটি ভ্রমণের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে আরও সহায়তা করবে, পাশাপাশি আমাদের দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার করবে।
বাংলাদেশে সাউদিয়ার কান্ট্রি ম্যানেজার তারিক আলোয়াইদি বলেন, বাংলাদেশ ও সৌদি আরব এবং তার বাইরের গন্তব্যগুলির মধ্যে ভ্রমণকারীদের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে এয়ারলাইন্সটি তাদের ফ্লাইটের সংখ্যা বাড়িয়েছে। ঢাকায় আমাদের নতুন অফিসে এই বিনিয়োগ সাউদিয়ার অবিচল প্রতিশ্রুতির প্রতিফলন—যা আমাদের সম্মানিত গ্রাহকদের আরও বেশি দক্ষতা, স্বাচ্ছন্দ্য এবং সহজলভ্যতার সঙ্গে সেবা প্রদান করবে।
বাংলাদেশে সাউদিয়ার জেনারেল সেলস এজেন্ট আহমেদ ইউসুফ ওয়ালিদ বলেন, এয়ারলাইন্সটি ইউরোপ এবং উত্তর আমেরিকার দীর্ঘ-দূরত্বের ভ্রমণের জন্য একটি পছন্দের বাহক হয়ে উঠেছে, একই সঙ্গে এর সরলীকৃত স্টপওভার ভিসা প্রোগ্রামের মাধ্যমে ওমরাহ তীর্থযাত্রীদের জন্য সুবিধাজনক বিকল্প সরবরাহ করছে, যা www.saudia.com এর মাধ্যমে পাওয়া যাচ্ছে।