বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, ধর্ম নিয়ে রাজনৈতিক ব্যবসা চলবে না। ইসলাম রাজনৈতিক বাক্স নয়। ইসলামের নামে যারা রাজনৈতিক বিভাজন সৃষ্টি করতে চায় তাদের রাজনৈতিকভাবে ভোটের মাধ্যমে মোকাবিলা করতে হবে। একাত্তরের চেতনার ব্যবসা করতে করতে হাসিনা দিল্লিতে আশ্রয় নিয়েছে। চেতনা ব্যবসা করতে করতে হাসিনার মৃত্যু হয়েছে ঢাকায় আর দাফন হয়েছে দিল্লিতে। সুতরাং একাত্তরের চেতনা ব্যবসা যেমন চলবে না, এই দেশে ধর্ম নিয়ে ব্যবসাও চলবে না। তেমনিভাবে জুলাই বিক্রি করেও ব্যবসা চলবে না।
শনিবার (২৭ সেপ্টেম্বর) কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলনে বক্তব্যকালে তিনি মন্তব্য করেন।
একটি দলের নাম না উল্লেখ করে তিনি আরও বলেন, কারা যেন জান্নাতের টিকিট বিক্রি করতে চায়। তারা নাকি জান্নাতের টিকিট দেবে, নাউজুবিল্লাহ। কেউ কি জান্নাতের টিকিট বিক্রি করতে পারে? যারা বিক্রি করতে চায় তারা ধর্ম ব্যবসায়ী।
বিএনপির ইতিহাস হলো সংস্কারের ইতিহাস উল্লেখ করে তিনি আরও বলেন, আজ যারা সংস্কারের কথা বলেন, তারা কি ভিশন-২০৩০ বা বিএনপির ৩১ দফার কথা জানেন? বাংলাদেশের রাজনীতিতে এক মহাকাব্যের নাম এই ৩১ দফা।
তিনি বলেন, শ্বেতপত্র অনুযায়ী ২৯ লাখ ২৫ হাজার কোটি টাকা লুটপাট করেছে আওয়ামী লীগ। এসব দিয়ে শিক্ষা বাজেট দ্বিগুণ, স্বাস্থ্য বাজেট তিনগুণ করা হয়েছে। মেগা প্রজেক্টের নামে মেগা লুটপাট করেছে। ঋণের নামে যে টাকা লুটপাট হয়েছে, ২৪টি পদ্মা সেতু নির্মাণ করা যেত।
বিএনপির এ নেতা বলেন, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে যে শক্তিশালী গণতন্ত্র নির্মাণ করতে চাচ্ছি, এখনও সে সংগ্রাম চলছে। কখনও সংস্কারের জন্য, কখনও নির্বাচনের জন্য সংগ্রাম করতে হচ্ছে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। উদ্বোধন করেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। বিশেষ অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী ও আমিন উর রশিদ ইয়াছিন, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, শিল্পবিষয়ক সম্পাদক মো. আবুল কালাম ও সহ-সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া। সভাপতিত্ব করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন।
সম্মেলনে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়। আহ্বায়ক জাকারিয়া তাহের সুমনকে সভাপতি এবং সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।