বিয়ে করলেন সেলেনা গোমেজ

বাগদানের প্রায় ১০ মাস পর অবশেষে বিয়ে করলেন বিশ্ব সংগীতে খুব অল্প সময়ে নাম-যশ-খ্যাতি অর্জন করা পপগায়িকা সেলেনা গোমেজ। গতকাল ২৭ সেপ্টেম্বর স্বল্প পরিসরে অনেকটা আনন্দঘন পরিবেশেই প্রেমিক, সংগীত প্রযোজক-গীতিকার বেনি ব্লাঙ্কোর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন তরুণ এই মার্কিন গায়িকা। তাদের বিয়ের ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়েছে ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারা কাউন্টির মন্টেসিটোর এক গোপনীয় ব্যক্তিগত এস্টেট। অনেকটা গোপনীয়তার সঙ্গে বিয়ের আনুষ্ঠানিকতা করতে চাইলেও পরে আর গোপন থাকেনি বিষয়টা। আর এ আয়োজন ঘিরে এখন গোটা বিনোদন দুনিয়ায় চলছে তুমুল আলোচনা। ইতিমধ্যেই বিয়ের প্রস্তুতি ও আনুষ্ঠানিকতার নানা রকম ছবি ছড়িয়ে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানেই ধরা পড়েছে এক অন্য রকম আবহ আউটডোর লাউঞ্জ, ককটেল কর্নার, পপ-আপ গুরমে কিচেন আর চারপাশে পামগাছ ঘেরা সাদা মার্কি টেন্ট। সব মিলিয়ে আয়োজনটি যেন ক্যালিফোর্নিয়ার আভিজাত্য ও গ্ল্যামারের নিখুঁত প্রতিচ্ছবি।

আয়োজন গোপন রাখতে শুরুতে অতিথিদের সঠিক ভেন্যু জানানো হয় না। হোটেল থেকে শাটল বাসে করে নিয়ে যাওয়া হয় নির্ধারিত জায়গায়। এই তারকা জুটির বিশেষ দিনে প্রায় ১৭০ জন ঘনিষ্ঠজন উপস্থিত ছিলেন বলে জানা গেছে। অতিথি তালিকাও কম চমকপ্রদ নয়। সেলেনার ঘনিষ্ঠ বন্ধু টেলর সুইফট ও প্যারিস হিলটন থেকে শুরু করে ‘ওনলি মার্ডারস ইন দ্য বিল্ডিং’ সহ-অভিনেতা মার্টিন শর্ট ও অ্যাশলে পার্ক সবাই ছিলেন এই আয়োজনে। ফিন্যান্সিয়াল এক্সপ্রেস জানিয়েছে, সেলেনার বিয়েতে যারা অতিথি হিসেবে এসেছেন তাদের জন্য এল এনকান্টো হোটেল বুক করা হয়েছে। এক রাতের জন্য হোটেলটির এক রুম ভাড়া প্রায় সাড়ে তিন হাজারের ডলারেরও বেশি বলে জানা গেছে।

গায়ক জাস্টিন বিবারের সঙ্গে সম্পর্কে ইতি টানার পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন সেলেনা গোমেজ। বিবার বিয়ে করেন মডেল হেইলিকে। আর সেলেনার জীবনে প্রেমিক হয়ে বেনি ব্লাঙ্কো আসেন ২০২৩ সালে। গত বছরের শেষের দিকে বাগদান সম্পন্ন করেন তারা।