সংকট সমাধানের সুনির্দিষ্ট রোডম্যাপ চায় রোহিঙ্গারা

৩০ সেপ্টেম্বর নিউ ইয়র্কে জাতিসংঘের উদ্যোগে অনুষ্ঠিতব্য ‘রোহিঙ্গাবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে’ সংকট সমাধানের জন্য জাতিসংঘসহ আন্তর্জাতিক মহলের সুনির্দিষ্ট রোডম্যাপের দাবি জানিয়েছে রোহিঙ্গারা। একই সঙ্গে সম্মান ও নিরাপত্তার সঙ্গে নিজ দেশ মিয়ানমারে ফিরতে বিশ্ববাসীর সহযোগিতা চেয়েছে তারা।

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালীর ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে গতকাল শনিবার সকাল ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত এক সমাবেশে এমন দাবি জানানো হয়।

‘রোহিঙ্গা ইলেক্টেড সিভিল সোসাইটি’ নামে একটি সংগঠন এ সমাবেশের আয়োজন করে। সমাবেশ থেকে রোহিঙ্গারা জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি মিয়ানমারে তাদের ফেরার নিরাপদ পরিবেশ তৈরিতে কার্যকর ভূমিকা রাখার জন্য আহ্বান জানায়। একই সঙ্গে মিয়ানমারের সংঘটিত গণহত্যার ন্যায়বিচারেরও দাবি করেন।

এ সময় দীর্ঘ আট বছরের বেশি সময় ধরে আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশ সরকার ও স্থানীয় জনগণের প্রতি কৃতজ্ঞতা জানায় রোহিঙ্গারা।

রোহিঙ্গারা আশা করছে, আগামী ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য সম্মেলন রোহিঙ্গাদের পাশাপাশি বিশ্ব সম্প্রদায়ের জন্য এই সমস্যার একটি স্থায়ী ও প্রকৃত সমাধান খুঁজে বের করার পথ দেখাবে।

বাংলাদেশে বর্তমানে ১৩ লাখেরও বেশি রোহিঙ্গা আশ্রয়ে রয়েছে। যাদের বেশিরভাগই ২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে জাতিগত সহিংসতার জেরে পালিয়ে আসা।