দেশ ছেড়ে পালাবো না, বললেন কেপি শর্মা

ক্ষমতা হারানোর মাত্র এক মাসের মধ্যেই নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি নিজেকে প্রকাশ্যে তুলে ধরেছেন। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের হাতে ক্ষমতা তুলে দিয়ে দেশ ছেড়ে পালিয়ে যাবো না। সংবাদ সংস্থা এএনআই এই তথ্য প্রকাশ করেছে।

কাঠমুণ্ডুর স্থানীয় সংবাদমাধ্যম কাঠমুণ্ডু পোস্ট জানায়, শনিবার (২৭ সেপ্টেম্বর) নিজের রাজনৈতিক দলের যুব সংগঠন আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অলি তার দলের নেতাকর্মীদের উদ্দেশে প্রশ্ন তোলেন, ‘আপনারা কি ভাবেন আমরা এই ভিত্তিহীন সরকারের কাছে ক্ষমতা ছেড়ে দেশ ত্যাগ করব?’

এরপর তিনি দৃঢ় কণ্ঠে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা জানিয়ে বলেন, ‘আমরাই এই দেশকে গড়ে তুলব। আমরা দেশের সংবিধানকে মূল ধারায় ফিরিয়ে আনব। আমরা দেশকে শান্তি ও সুশাসনের পথে নিয়ে যাব।’

সেনাবাহিনীর সহায়তায় দীর্ঘদিন আড়ালে থাকা অলি এবার প্রকাশ্যে এসে অভিযোগ করেন, গণঅভ্যুত্থানের পর বর্তমান সরকার জনগণের ম্যান্ডেট (রায়) প্রতিষ্ঠা করেনি। তার ভাষ্য, সরকার এসেছে মূলত সহিংসতা ও ধ্বংসযজ্ঞের মাধ্যমে।

তিনি আরও দাবি করেন, কোনো ষড়যন্ত্রে তার হাত নেই। অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কির সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘আন্দোলনের সময় প্রশাসনকে আমি যে নির্দেশনা দিয়েছি, সেগুলোর রেকর্ডিং যেন প্রকাশ করা হয়।’

সোশ্যাল মিডিয়ার ওপর নিষেধাজ্ঞার কারণে নেপালজুড়ে যখন সহিংস বিক্ষোভ শুরু হয়, তখনই অলি পদত্যাগের বিস্তারিত তথ্য প্রকাশ করেন।

সংবাদ সংস্থা এএনআইকে তিনি বলেন, ‘৯ সেপ্টেম্বর, আগের দিনের ঘটনার পর, আমি বেলা ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে পদত্যাগ করি। আগের দিন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল, আমি চেষ্টা করেছি পরিস্থিতি আরও তীব্র না করতে। কিন্তু যখন বুঝি আমার হাতে কোনো শক্তি নেই, তখনই পদত্যাগ করি।’