দুবাইয়ে আজ রবিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়া কাপের ফাইনাল। আঞ্চলিক এই আসরের শিরোপা লড়াইয়ে প্রথমবারের মতো মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। এই বছরের টুর্নামেন্টে ইতিমধ্যেই দুই দল দুইবার মুখোমুখি হয়েছে, এবং ভারত উভয় ম্যাচেই জিতেছে। ফাইনাল নিয়ে কী পরিকল্পনা আঁটছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী?
সাধারণত কোনো দলই উইনিং কম্বিনেশন বদল করে না। তবে হ্যামস্ট্রিং সমস্যার কারণে হার্দিক পান্ডিয়া এখনও অনিশ্চিত। শ্রীলঙ্কার বিপক্ষে সুপার ফোরের ম্যাচে হার্দিকের সঙ্গে অভিষেক শর্মাও চোট পেয়েছেন। ম্যাচটিতে বিশ্রামে ছিলেন জসপ্রীত বুমরা এবং শিবম দুবে। এই দুজনের একাদশে ফেরা মোটামুটি নিশ্চিত। হার্দিক খেলতে না পারলে তার জায়গায় আর্শদীপকে দেখা যেতে পারে।
অন্যদিকে পাকিস্তান দলে পরিবর্তনের সম্ভাবনা কম। সর্বশেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে যে একাদশ পাকিস্তান খেলিয়েছে, সেটাই আজ দেখা যেতে পারে। ওপেনিংয়ে সাহিবজাদা ফারহানের সঙ্গে খেলবেন ফখর জামান। এশিয়া কাপে ৬ ম্যাচে ৪ ‘ডাক’সহ মাত্র ২৩ রান করা সাইম আইয়ুব আরেকটা সুযোগ পেতে পারেন তার কার্যকর স্পিন বোলিংয়ের কারণে। তাছাড়া পাকিস্তানের হাতে বিকল্পও নেই।
দুবাইয়ে এখন পর্যন্ত ৩৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ২০টি জিতেছে পাকিস্তান। হেরেছে ১৬টি এবং ১টি ম্যাচ টাই হয়েছে। অন্যদিকে ভারত এখানে ১৪টি ম্যাচ খেলে ৯টি জিতেছে, ৪টি হেরেছে এবং ১টি ম্যাচ টাই হয়েছে। চলতি আসরে এখন পর্যন্ত কোনো ম্যাচ হারেনি ভারত। বরং সবগুলো ম্যাচই জিতেছে প্রবল প্রতাপ দেখিয়ে। তাই পাকিস্তানের জন্য বড় চ্যালেঞ্জই অপেক্ষা করছে।
ভারতের সম্ভাব্য একাদশ: অভিষেক শর্মা, শুবমান গিল, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক বর্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া/আর্শদিপ সিং, অক্ষর প্যাটেল, শিবম দুবে, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরা ও বরুণ চক্রবর্তী।
পাকিস্তানের সম্ভাব্য একাদশ: সালমান আগা (অধিনায়ক), সাহিবজাদা ফারহান, ফখর জামান, সাইম আইয়ুব, হুসেইন তালাত, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), মোহাম্মদ নেওয়াজ, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, হারিস রউফ, শাহিন শাহ আফ্রিদি।