যথাযথ ধর্মীয় ভাবগাম্ভির্যের মধ্য দিয়ে ঝিনাইদহে শুরু হয়েছে শারদীয় দুর্গোৎসব। মহালয়া থেকে দুর্গাপূজার আমেজ শুরু হলেও রবিবার ষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয়েছে মূল আনুষ্ঠানিকতা। দীর্ঘ ক্ষণ গণনার অবসান ঘটিয়ে মহাষষ্ঠীতে মর্তে আগমন ঘটেছে দেবী দুর্গার।
পূজা ঘিরে ঝিনাইদহের মণ্ডপগুলোতে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। জমে উঠেছে পূজা প্রাঙ্গণ। অর্চনা, প্রার্থনা ও আরতিতে মগ্ন হয়ে উঠেছেন পুণ্যার্থীরা।
মহাষষ্ঠীতে দেবীর পূজা, আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে এ বছরের শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। মণ্ডপে মণ্ডপে ভক্তদের আরাধনা, ধুপের গন্ধ আর ঢাকের শব্দে মুখরিত হয়ে উঠেছে।
ঝিনাইদহ পূজা উৎযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিনয় কৃষ্ণ বিশ্বাস জানান, এ বছর ঝিনাইদহ জেলার ৪৫৫টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে।
ঝিনাইদহ জেলা অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া জানান, পূজা নির্বিঘ্ন করতে মণ্ডপগুলোতে পুলিশের বিশেষ টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি জেলার সকল মণ্ডপ এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট মাঠে সক্রিয় রয়েছে।