ফরিদপুর

নিজ মেয়েকে ধর্ষণের দায়ে পিতার আমৃত্যু কারাদণ্ড 

‎ফরিদপুরের মধুখালী উপজেলার মথুরাপুর এলাকায় নিজের কিশোরী কন্যাকে ধর্ষণের দায়ে আব্দুল ওহাব মোল্লা (৪২) নামে এক ব্যক্তিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। রবিবার দুপুরে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ রায় দেন।‌

দণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আসামির স্থাবর ও অস্থাবর সম্পত্তি বিক্রি করে প্রশাসনের মাধ্যমে ভুক্তভোগীকে দেওয়ার নির্দেশও দেন আদালত।

‎মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত ২০২৩ সালের ১৩ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০টার দিকে পিতা কন্যাকে ঘুম থেকে তুলে ধর্ষণ করে। বিষয়টি তার মাকে জানালে তিনি মধুখালী থানায় ১৫ ফেব্রুয়ারি মামলা দায়ের করেন। ঘটনার প্রায় ৩ বছর আগে থেকেই বিভিন্ন সময় পিতা বিভিন্ন কাজের কথা বলে তাকে ধর্ষণ করত বলে মামলায় উল্লেখ করা হয়েছে। এ মামলার বিচারকালে ৬ জনের সাক্ষ্যগ্রহণ করেন ট্রাইব্যুনাল। এছাড়াও ডিএনএ টেস্টেও ঘটনার প্রমাণ পায় আদালত। 

‎সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন বলেন, আসামির আমৃত্যু কারাদণ্ড হওয়ায় রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট। আশা করি এই রায় সমাজে দৃষ্টান্ত সৃষ্টি করবে। রায় ঘোষণার সময় আসামিকে আদালতে হাজির করে পুলিশ। এরপর তাকে সাজা পরোয়ানা দিয়ে আবারও কারাগারে পাঠানো হয়।