সাধারণত কাঁদা-মাটি দিয়ে প্রতিমা তৈরি হলেও নাটোরে এবার সোনালী পাটের আঁশ দিয়ে দুর্গাদেবীর প্রতিমা তৈরি করা হয়েছে। ইতোমধ্যে দর্শনার্থীদের নজর কেড়েছে পাটের তৈরি এই দুর্গা প্রতিমাটি।
শহরের লালবাজার কদমতলার রবি সূতম সংঘের পূজা মন্ডপে স্থাপন করা হয়েছে পাটের তৈরি এ প্রতিমা। শিল্পী বিশ্বজিৎ পাল এটি তৈরি করেছেন। গত বছর তিনি ধান দিয়ে দুর্গা প্রতিমা তৈরি করে সারাদেশ বেশ সাড়া ফেলে ছিলেন।
শিল্পী বিশ্বজিৎ পাল বলেন, আমাদের বাবা-দাদুরা সবাই প্রতিমা তৈরির কাজ করতেন। আমরা প্রতি বছর নতুনত্ব প্রতিমা তৈরি করি। গত বছর ধানের প্রতিমা তৈরি করেছিলাম। সবাই সেটি পছন্দও করেছিল। এবার রবি সূতম সংঘ পূজা মন্ডপের জন্য সোনালি পাটের আঁশ দিয়ে মোড়ানো প্রতিমা তৈরি করেছি। প্রতিমাটি এক নজর দেখতে দর্শনার্থীরা আসছেন। পাটের আঁশ দিয়ে প্রতিমা বানানো কাজটা খুব সহজ নয়। প্রথমে কাঠ, বাঁশ, পাট ও বিচালির কাঠামো তৈরি করা হয়। পরে তাতে মাটি দিয়ে প্রতিমার আকৃতি আনা হয়। মাটি শুকিয়ে যাওয়ার পর মাটির ওপর সোনালি পাটের আঁশ দিয়ে মোড়ানো হয়। প্রায় দুই মাস সময় লেগেছে পুরো প্রতিমাটি আদিরূপ ফুটিয়ে তুলতে।
রবি সুতম সংঘের সাধারণ সম্পাদক পার্থ রায় বলেন, ভক্তদের মনোযোগ আকর্ষণ করতে রবি সুতম সংঘ প্রতিবছর ভিন্ন রকম প্রতিমা তৈরি করেন। যা সারাদেশে ব্যাপক সাড়া ফেলে। এ বছরও তার ব্যতিক্রম হয়নি।