আজ ফাইনালে যত রেকর্ড ভাঙতে পারেন অভিষেক শর্মা

ভারতের ওপেনার অভিষেক শর্মা আছেন দারুণ ফর্মে। এবার টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপে ৬ ম্যাচে অভিষেক করেছেন ৩০৯ রান। যা এবারের আসরে সর্বোচ্চ রান তো বটেই এশিয়া কাপের টি-টোয়েন্টি সংস্করণের ইতিহাসেও সর্বোচ্চ। এশিয়া কাপের টি-টোয়েন্টি সংস্করণে প্রথম ব্যাটসম্যান হিসেবে ৩০০ রানের মাইলফলকও অভিষেকের।

অভিষেক পেছনে ফেলেছেন মোহাম্মদ রিজওয়ান (২৮১) ও বিরাট কোহলিকে (২৭৬)। ২০২২ আসরে তারা দুজন এই রান করেছিল। এবার এশিয়া কাপে অভিষেকের গড় ৫১.৫০, স্ট্রাইকরেট ২০৪.৬৩। ফিফটি করেছেন ৩টি। চার মারেন ৩১টি, ছক্কা ১৯টি। অভিষেকই সবচেয়ে বেশি ছক্কা মেরেছেন।

আজ কত রান করবেন অভিষেক? যাই করুক, আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক যে তিনিই থাকছেন তা বলাই যায়। দ্বিতীয় সর্বোচ্চ ২৬১ রান শ্রীলঙ্কার পাথুম নিশাঙ্কার। আর কেউ ২০০ রান করতে পারেননি।

অভিষেকের সামনে আছে বেশ কিছু রেকর্ড ভাঙার সুযোগ। আজ আরেকটি ৩০ ছোঁয়া ইনিংস খেললে, টানা আট টি-টোয়েন্টি ইনিংসে ৩০ বা তার বেশি রান হবে তার। ছাড়িয়ে যাবেন রোহিত-রিজওয়ানকে। ১১ রান করতে পারলেই টি-টোয়েন্টি সিরিজ বা টুর্নামেন্টে ভারতের সর্বোচ্চ রানসংগ্রাহক হবেন অভিষেক। বর্তমানে রেকর্ডটা বিরাট কোহলির; ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে কোহলি করেছিলেন ৩১৯ রান।

২৩ রান করতে পারলে টেস্ট খেলুড়ে দেশের ব্যাটসম্যানদের মধ্যে এক টি-টোয়েন্টি সিরিজ বা টুর্নামেন্টে সর্বোচ্চ রানসংগ্রাহক হবেন অভিষেক। বর্তমানে রেকর্ডটা ইংল্যান্ডের ফিল সল্টের; ২০২৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজে ৩৩১ রান করেছিলেন সল্ট।

এশিয়া কাপের এক আসরে (ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে) সর্বোচ্চ রানের মালিকও হয়ে যেতে পারেন অভিষেক। সে ক্ষেত্রে তাকে আজ করতে হবে ৭০ রান। বর্তমানে রেকর্ডটা শ্রীলঙ্কার প্রধান কোচ সনাৎ জয়াসুরিয়ার; ২০০৮ এশিয়া কাপে (ওয়ানডে সংস্করণ) ৩৭৮ রান করেছিলেন তিনি।

আজ দুবাইতে ভারত-পাকিস্তান ফাইনালের আগে পাকিস্তানের কিংবদন্তি ওয়াসিম আকরাম বলেন, 'প্রথমে দুই-তিনটি গুরুত্বপূর্ণ উইকেট নেওয়া, বিশেষ করে অভিষেক ও গিলের, ভারতকে ব্যাকফুটে ঠেলে দিতে পারে।'