ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
রবিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি হিন্দু সম্প্রদায়ের মানুষ যেন নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপন করতে পারেন, সেজন্য সরকারের প্রতি পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান।
নাহিদ ইসলাম বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সকল সম্প্রদায়ের অংশগ্রহণ নিশ্চিত করবে এনসিপি। জুলাই গণঅভ্যুত্থানের পর সম্প্রীতি ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠনের কথা উল্লেখ করে তিনি বলেন, সকল ধর্ম-বর্ণ ও মতের মানুষের ঐক্যের ভিত্তিতে সামনের দিনে এগোতে চাই। সেই লক্ষ্যে এনসিপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছে।
তিনি আরও বলেন, সনাতন ধর্মাবলম্বীদের নানান দাবি-দাওয়া শুনেছি। অন্তর্বর্তী সরকার অনেক কিছু করার চেষ্টা করেছে। তবে অনেক ক্ষেত্রেই সেই দাবি-দাওয়া পূরণ হয়নি। এ সময় সরকারের প্রতি দাবি পূরণের আহ্বান জানান এনসিপি নেতা।
নাহিদ ইসলাম বলেন, নির্বাচনী ইশতেহারে যাতে সকল নাগরিকের সমান মর্যাদা ও সকল সম্প্রদায়ের সমান অধিকার নিশ্চিত হয়, সেই লক্ষ্যে এনসিপি কাজ করবে।