রোমাঞ্চকর ম্যাচে পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত

এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের বিপক্ষে জিততে শেষ ৩০ বলে ভারতের দরকার ছিল ৪৭ রান। হাতে ছিল ৬ উইকেট। পঞ্চম উইকেটে তিলক ও শিবম দুবে জুটি গড়ে দলকে জয়ের পথে নেন। শেষ দুই ওভারে দরকার ১৭ রান। ভারতের ইনিংসের ১৯তম ওভার করতে আসেন ফাহিম আশরাফ। ওই ওভারে ৭ রান দিয়ে দুবেকে (৩৩) ফিরিয়ে ৬০ রানের জুটি ভাঙেন ফাহিম। তাতে ম্যাচ জমে ওঠে। তবে শেষ ওভারে ১০ রান দরকার হলেও সেটি ৪ বলেই নিয়ে নেয় ভারত। শেষ পর্যন্ত ভারত ম্যাচ জেতে ২ বল ও ৫ উইকেট হাতে রেখে।

তিলক ৫৩ বলে অপরাজিত থাকেন ৬৯ রানে। তার ইনিংসে ছিল ৩ চার ও ৪ ছক্কা। ভারতের হয়ে পুরো টুর্নামেন্টে একটি বলই খেলার সুযোগ পান রিঙ্কু সিং, আর সেই বলে চার মেরে দলের জয় নিশ্চিত করেন তিনি। ভারত নবমবারের মতো জিতলো এশিয়া কাপ।

১৪৭ লক্ষ্য তারা করতে নেমে দলীয় ২০ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে চাপে পড়েছিল ভারত। চতুর্থ উইকেটে হাল ধরেন তিলক ও সঞ্জু স্যামসন। ৫৭ রানে জুটিতে সেই চাপ সামলান তারা। সঞ্জু ২১ বলে ২৪ করে ফিরলে জুটি ভাঙে। পরে পঞ্ম উইকেটে তিলক ও শিবম দুবের ৬০ রানের জুটি ভারতের জয়টা সহজ করে।

পুরো টুর্নামেন্ট জুড়ে ভালো খেলা অভিষেক ফাইনালের দিন ফেরেন মাত্র ৫ রানে। সূর্যকুমারও (১) ছিলেন ব্যর্থ। শাহিনের বলে সূর্য ধরা পড়েন পাকিস্তান অধিনায়ক সালমান আগার হাতে। অবশ্য ক্যাচটি ঠিকমতো হয়েছে কিনা সেটি দেখতে টিভি আম্পায়ারের সহায়তা নেন মাঠের আম্পায়াররা। গিল ১০ বলে ১২ রান করে ফিরলে চাপে পড়েছিল ভারত।