চলতি মাসে নেপালে জেনারেশন জি-এর বিক্ষোভের মুখে ক্ষমতাচ্যুত হন দেশটির সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন বালুয়াটার থেকে পালিয়ে যাওয়ার ১৮ দিন পর এই প্রথম জনসম্মুখে এসে তিনি বলেছেন, বর্তমান সরকারের কাছে ক্ষমতা ছেড়ে দিয়ে দেশ ছেড়ে পালাবেন না তিনি। গতকাল রবিবার নেপালের সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ভক্তপুরের গু-ুতে তার রাজনৈতিক দলের আয়োজিত এক অনুষ্ঠানে কেপি শর্মা বলেছেন, আপনারা কি ভেবেছেন, এই ভিত্তিহীন সরকারের হাতে দেশ তুলে দিয়ে আমরা পালিয়ে যাব? তিনি বলেন, আমরাই এই দেশকে গড়ব। আমরা এই দেশ সাংবিধানিক মূলধারায় ফিরিয়ে আনব। আমরা এই দেশে শান্তি ও সুশাসন ফিরিয়ে আনব।
নেপালি সেনাবাহিনীর নিরাপত্তায় ৯ দিন থাকার পর, তিনি ১৮ সেপ্টেম্বর গু-ুতে একটি ভাড়াবাড়িতে চলে যান। গত ৯ সেপ্টেম্বর ভক্তপুরের বালকোটে তার ব্যক্তিগত বাড়িটি বিক্ষোভকারীরা পুড়িয়ে দেয়। কেপি শর্মা বর্তমান সরকারকে জনগণের ম্যান্ডেটের মাধ্যমে নয়, বরং ভাঙচুর ও অগ্নিসংযোগের মাধ্যমে গঠিত বলে অভিযোগ করেন। তিনি দাবি করেন, তিনি কোনো ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ছিলেন না।
সুশিলা কার্কি সরকারকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি বলেন, তিনি সেই সময়ে প্রশাসন ও নিরাপত্তা সংস্থাগুলোকে কী নির্দেশনা দিয়েছিলেন তার প্রমাণ প্রকাশ করুন। সাহসের সঙ্গে এগুলো প্রকাশ করুন। আমি সরকারি কর্মচারীদের যে নির্দেশনা দিয়েছিলাম, সেই নির্দেশাবলি জনসমক্ষে প্রকাশ করুন।