জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিস্তিয়াগা ওচোয়া দে চিনচেত্রু। গতকাল রবিবার সকালে রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে এ সাক্ষাৎ হয় বলে দলের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির এসএম খালিদুজ্জামান এবং জামায়াত আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মাহমুদুল হাসান বৈঠকে উপস্থিত ছিলেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি, বাংলাদেশ ও স্পেনের দ্বিপক্ষীয় ও আন্তর্জাতিক সম্পর্ক, বিনিয়োগ এবং স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়। দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক, উন্নয়ন ও অগ্রগতির ধারা ভবিষ্যতে আরও জোরদার হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, স্পেনের রাষ্ট্রদূত জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ-খবর নেন এবং তার সুস্থতা কামনা করেন।