রামুর বিহার থেকে ভিক্ষুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কক্সবাজারের রামুতে বৌদ্ধবিহার থেকে এক তরুণ ভিক্ষুর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার বেলা ১১টার দিকে রামু উপজেলা সদরের শ্রীকুল পুরাতন বৌদ্ধবিহার থেকে মৃতদেহটি উদ্ধার করা হয় বলে জানান রামু থানার ওসি মুহাম্মদ আরিফ হোছাইন।

মৃত উদ্ধার থুই নু মং মারমা ওরফে কিমাচারা ভিক্ষু (২২) রাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলার দাপুয়া এলাকার কুটু মং মারমার ছেলে। তিনি শ্রীকুল পুরাতন বৌদ্ধবিহারের আবাসিক ভিক্ষু ছিলেন। প্রাথমিকভাবে ঘটনার আলামত দেখে আত্মহত্যা বলে ধারণা করা হলেও কী কারণে এ ঘটনা ঘটেছে তা নিশ্চিত নয় বলে জানান ওসি।

স্থানীয়দের বরাতে আরিফ হোছাইন বলেন, সকালে বৌদ্ধবিহারে পূজার্থীরা প্রার্থনা করতে গিয়ে দেখেন কিমাচারা ভিক্ষুর শয়ন কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ রয়েছে। বেশ কিছুক্ষণ ধরে ডাকাডাকির পরও তার সাড়াশব্দ পাননি। পরে তারা দরজার ফাঁক দিয়ে উঁকি দিয়ে দেখেন। এ সময় তাকে সিলিংয়ের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় মৃতদেহটি উদ্ধার করে। তিনি কোমরবন্ধন (কটিবন্ধনী) দিয়ে সিলিংয়ের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ছিলেন।

ওসি বলেন, ‘প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে পুলিশ ধারণা করছি। ঘটনাটি নিছক আত্মহত্যা নাকি অন্য কোনো ঘটনার জেরে ঘটেছে পুলিশ এখনো নিশ্চিত নয়।’