পাবনা জেলার ভাঙ্গুড়ায় পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ও দুইটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে করে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) ভোর ৪টার সময় এ ঘটনা ঘটে।
পাকশী রেলওয়ে পরিবহন কর্মকর্তা হাসিনা খাতুন এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকা থেকে পঞ্চগড়গামী আন্তঃনগর পঞ্চগড় এক্সপ্রেস ভাঙ্গুড়া স্টেশন অতিক্রম করার সময় ট্রেনের ইঞ্জিন, লাগেজ ভ্যানের বগি ও একটি যাত্রীবাহী বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
জানা যায়, ঢাকা থেকে পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস আপ ট্রেনটি রবিবার রাত সাড়ে ১১টায় ঢাকা থেকে ছেড়ে আসে। ভোর চারটার দিকে পাবনার ভাঙ্গুড়া উপজেলার ভাঙ্গুড়া রেলস্টেশনের কাছাকাছি পৌঁছালে বিকট শব্দে ট্রেনের ৩টি বগি লাইনচ্যুত হয়। এ সময় ট্রেনের সহস্রাধিক যাত্রী আতঙ্কে ট্রেন থেকে লাফিয়ে নেমে যায়। এরপর ভাঙ্গুড়া থানা পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে যাত্রীদের নিরাপত্তা দেন।