মধ্যপ্রাচ্যে বিশেষ কিছু ঘটতে যাচ্ছে: ট্রাম্প

মধ্যপ্রাচ্যে বড় ধরনের কিছু ঘটনার ‘প্রকৃত সুযোগ’ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন। তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি। খবর আনাদোলু এজেন্সির।

ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ‘এই প্রথমবারের মতো বিশেষ কিছু ঘটতে যাচ্ছে, যার জন্য সবাই প্রস্তুত। আমরা এটা সম্পন্ন করব।’

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ার পর ট্রাম্প সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে বলেন, আরব দেশগুলো এই বিষয়ে অসাধারণ কাজ করেছে। হামাস তাদের সঙ্গে আসছে। আরব বিশ্বের প্রতি তাদের ব্যাপক শ্রদ্ধা রয়েছে।

তিনি বলেন, আরব বিশ্ব শান্তি চায়, ইসরাইল শান্তি চায় এবং বিবি (নেতানিয়াহু) শান্তি চায়।

ট্রাম্প আরও বলেন, তাঁর লক্ষ্য কেবল গাজায় যুদ্ধ বন্ধ করা নয়, বরং এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা করা।

এদিকে হোয়াইট হাউসের বিশেষ দূত স্টিভ উইটকফ ও ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার রবিবার নিউইয়র্কে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন।

এর আগে গত মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বেশ কয়েকটি মুসলিম দেশের নেতাদের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প।

তুরস্ক, কাতার, সৌদি আরব, ইন্দোনেশিয়া, পাকিস্তান, মিশর, সংযুক্ত আরব আমিরাত ও জর্ডানের নেতাদের সঙ্গে বৈঠকে মূলত গাজা সংঘাত ও শান্তি প্রচেষ্টা নিয়ে আলোচনা হয়।

ট্রাম্প গাজা যুদ্ধের অবসান, জিম্মিদের মুক্তি নিশ্চিত করা এবং হামাসকে বাদ দিয়ে এই অঞ্চলে শাসনকার্য পরিচালনাসহ ২১ দফা পরিকল্পনা উপস্থাপন করেন।

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেছেন, তিনি পশ্চিম তীরকে ইসরাইলের সঙ্গে সংযুক্ত করার অনুমতি দেবেন না।