জেন-জি বিক্ষোভে এবার উত্তাল মরক্কো

এশিয়া পেরিয়ে জেন-জি বিক্ষোভে উত্তাল উত্তর আফ্রিকার দেশ মরক্কো। দুর্নীতির বিরুদ্ধে তরুণদের বিক্ষোভে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষের খবর দিয়েছে সিএনএন।

প্রতিবেদনে বলা হয়, সরকারি দুর্নীতির প্রতিবাদে শনিবার মরক্কোর অন্তত ১১টি শহরে শত শত তরুণ রাস্তায় নেমেছেন। তারা সরকারের দুর্নীতির নিন্দা ও স্বাস্থ্য ও শিক্ষাকে অবহেলা করে আন্তর্জাতিক ক্রীড়ায় অর্থ বিনিয়োগের প্রতিবাদ জানান।

বিক্ষোভকারীরা বলেন, জরুরি চিকিৎসার জন্য হাসপাতালের সংকট থাকলেও সেখানে বিনিয়োগ না বাড়িয়ে বিপুল অর্থে স্টেডিয়াম নির্মাণ করা হচ্ছে। ২০৩০ সালের ফিফা বিশ্বকাপের সহ-আয়োজক মরক্কো।

‘স্টেডিয়াম এখানে, হাসপাতাল কোথায়?’-এমন স্লোগান দেন বিক্ষোভকারীরা।

ফিফা বিশ্বকাপের জন্য মরক্কো কমপক্ষে তিনটি নতুন স্টেডিয়াম নির্মাণ করছে ও অর্ধ ডজন স্টেডিয়াম সংস্কার বা সম্প্রসারণ করছে। এ বছর শেষে আফ্রিকা কাপ অব নেশনসও আয়োজন করবে দেশটি।

রাবাত ও মারাকেশসহ কয়েকটি শহরে পুলিশ বিক্ষোভকারীদের আটকায়। কাসাব্লাঙ্কাসহ বিভিন্ন স্থান থেকে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে পুলিশ।

ক্যাসাব্লাঙ্কার ২৭ বছর বয়সী প্রকৌশলী ইউসুফ বলেন, আমি শুধু স্বাস্থ্য ও শিক্ষা সংস্কার নয়, পুরো ব্যবস্থার সংস্কার চাই।

মরোক্কান মানবাধিকার সংস্থা জানিয়েছে, শনিবার অনেক বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে, কয়েকজনকে পুলিশ মারধরও করেছে। সংস্থাটির সমালোচনা, গ্রেপ্তারের মাধ্যমে মত প্রকাশের স্বাধীনতাকে বাধাগ্রস্ত করা হচ্ছে।