পটুয়াখালীর দুমকিতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মো. জাকারিয়া (২১) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
জাকারিয়া পটুয়াখালী সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী। তিনি দুমকি উপজেলার লেবুখালী ইউনিয়নের আঠারো গাছিয়া গ্রামের মো. জাহাঙ্গির হোসেনের পুত্র।
পরিবারের সদস্যরা অভিযোগ করেন, শুক্রবার জ্বরে আক্রান্ত হলে তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে গতকাল রবিবার রাত ১০টার দিকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মার যান। জাকারিয়ার মৃত্যুর পর তার পরিবার চিকিৎসা অবহেলার অভিযোগ করেছেন। হাসপাতালে মরদেহ বহনের জন্য ট্রলি পর্যন্ত মেলেনি।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বিএনপির কেন্দ্রীয় নেতা সৈয়দ রুমি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রশ্নবিদ্ধ করেন। তিনি লিখেছেন, সরকারি কলেজের ছাত্র জাকারিয়ার মরদেহ বহনে ট্রলি পর্যন্ত না পাওয়া দুঃখজনক ও অমানবিক। হাসপাতাল কর্তৃপক্ষের জবাবদিহিতা জরুরি।