প্রবীর মিত্রের নামে ওয়েবসাইট

দেশীয় চলচ্চিত্র অঙ্গনের কিংবদন্তি অভিনেতা প্রবীর মিত্রর নামে এবার নামে চালু হলো ওয়েবসাইট। প্রবীরমিত্রের ব্যাপারে নতুন প্রজন্মকে জানাতে এই ওয়েবসাইটটি চালু করা হয়েছে। যেখানে অভিনেতার জন্ম, বেড়ে ওঠাসহ আরও নানা দিক তুলে ধরা হয়েছে। এই সাইটের নাম রাখা হয়েছে ‘অ্যাক্টর প্রবীর মিত্র’। 

সম্প্রতি বিএফডিসিতে আয়োজিত ‘স্মৃতির আয়নায় কিংবদন্তির দৃশ্য’ অনুষ্ঠানে এই উদ্যোগের কথা জানান অভিনেতার ছেলে মিথুন মিত্র। তিনি বলেন, ‘ইন্ডাস্ট্রি থেকে শুরু করে সাধারণ মানুষ এখনো আমার বাবাকে মনে রাখেন। সবার প্রতি আমি কৃতজ্ঞ। বাবাকে নিয়ে আমাদের অনেক পরিকল্পনা আছে। এরই অংশ হিসেবে ওয়েবসাইটটি চালু করা হয়েছে।’ 

চার দশকের বেশি অভিনয় জীবনে অসংখ্য কালজয়ী সিনেমায় অভিনয় করেছেন প্রবীর মিত্র। চলতি বছরের ৫ জানুয়ারি না ফেরার দেশে পাড়ি জমান নন্দিত এ অভিনেতা।